
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর সাঙ্গু নদ থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. মুন্সি মিয়া (৭২)। গতকাল রোববার সন্ধ্যায় সাঙ্গু নদের সাতকানিয়ার চরতি ইউনিয়নের দ্বীপ চরতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মো. মুন্সি মিয়া সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনার কেঁওচিয়ার বাঁচা বলিরবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার ঈদুল আজহার দিন দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিখোঁজ বৃদ্ধের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুন্সি মিয়া বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের পর নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন, প্রতিবেশী ও আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। তবে কোথাও তাঁকে পাওয়া যায়নি। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাঙ্গু নদের চরতি ইউনিয়নের দ্বীপ চরতি এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ পৌঁছে সাঙ্গু নদ থেকে ভাসমান লাশটি উদ্ধার করেন। খবর পেয়ে স্বজনেরা লাশটি নিখোঁজ বৃদ্ধ মো. মুন্সি মিয়ার বলে শনাক্ত করেন।
মুন্সি মিয়ার ভাতিজা মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমার জ্যাঠা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগে কয়েকবার নিখোঁজ হয়েছিলেন তিনি। তবে কয়েক দিন পর ঠিকই বাড়িতে ফিরে এসেছিলেন।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশটি আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।