রাজশাহীতে ‘ঘুষের’ টাকাসহ গ্রেপ্তার কর কর্মকর্তাকে আজ আদালতে তোলা হবে

রাজশাহী কর অঞ্চলের উপ-কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন দুদক কর্মকর্তারা। মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে রাজশাহী কর ভবনের সামনে
ছবি: প্রথম আলো

রাজশাহীতে ‘ঘুষের’ ১০ লাখ টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার উপকর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আজ বুধবার আদালতে তোলা হচ্ছে। গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। পরে দুপুরে কর কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, গতকাল উপকর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করার পর গ্রেপ্তার করে তাঁকে সরাসরি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আজ বুধবার তাঁকে আদালতে তোলা হবে। একই সঙ্গে তাঁর পক্ষ থেকে হয়তো জামিনের শুনানি হবে। শুনানি শেষে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তার মহিবুল ইসলাম ভূঁইয়া রাজশাহী কর অঞ্চলের সার্কেল-১৩-এর উপকর কমিশনার। গতকাল মঙ্গলবার ১০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে সাদাপোশাকে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় মহিবুল ইসলাম চিৎকার করলে দুদক কর্মকর্তারা তাঁর কার্যালয়ের দরজা বন্ধ করে দেন। তখন কর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দুদক কর্মকর্তাদের ওপরে হামলা চালান।

দুদক কর্মকর্তারা দাবি করেছেন, এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে তাঁদের চার-পাঁচজন কর্মকর্তা আহত হয়েছেন। মহিবুল ইসলাম ভূঁইয়াও আহত হয়েছেন। তবে মহিবুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তাঁকে দুদক কর্মকর্তারা মারধর করেছেন। তাঁর টেবিলে রাখা টাকা তিনি ছুঁয়েও দেখেননি।

দুদক বলছে, নগরের মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার ও হাসপাতালের মালিক ফাতেমা সিদ্দিকার পাঁচ বছরের ব্যাংক লেনদেনের বিষয়ে উপকর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়া আপত্তি তোলেন। বিষয়টি নিষ্পত্তি করতে গেলে ওই উপকর কমিশনার তাঁর কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে তা ৫০ লাখ টাকায় দফা হয়। বিষয়টি জানিয়ে ফাতেমা সিদ্দিকা গত ২৯ মার্চ দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ করেন। এ অভিযোগ নিয়ে দুদকের রাজশাহী জেলা ও বিভাগীয় কার্যালয়ে যৌথভাবে কাজ করছিল। ফাতেমা সিদ্দিকা তাঁর ৫০ লাখ টাকা চুক্তির অংশ হিসেবে প্রথম কিস্তির ১০ লাখ টাকা দিতে গিয়েছিলেন। দুদকের পক্ষ থেকে ওই কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় দুদক কর্মকর্তারা তাঁর ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করেন।