
স্থানীয় বাসিন্দারা চলাচলের জন্য সেতুর উভয় পাশে বাঁশের সাঁকো তৈরি করেন। সেতুর পাশাপাশি সাঁকোও জরাজীর্ণ হয়ে পড়েছে।
কালীগঙ্গা নদীর প্রস্থ কাগজে–কলমে প্রায় ১১০ মিটার। নদীর মাঝখানে ছোট্ট একটি সেতু। সেটার দৈর্ঘ্য এর দশ ভাগের এক ভাগ। মাত্র ১১ মিটার। সংযোগ সড়ক নেই। ভরাট আর দখলের রাজত্বে ১৪ বছর ধরে সেতুটি এভাবেই দাঁড়িয়ে আছে।
এই সেতু মানুষের কোনো কাজে আসেনি, বরং দুর্ভোগ বাড়িয়েছে। মানুষজন সেতুতে উঠতে বাঁশের সাঁকো তৈরি করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেটাও জরাজীর্ণ হয়ে পড়েছে।
সেতুটি দেখতে হলে যেতে হবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া এলাকায়। কালীগঙ্গার ওপর এটি নির্মাণ করা হয়েছিল ২০১৩ সালের দিকে, ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায়। খরচ পড়েছিল ২৫ লাখ টাকা। সংযোগ সড়ক তৈরিই হয়নি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বছরের পর বছর ধরে নদীর মাঝখানে সেতুটি পড়ে ছিল। তাঁরা নিজেরাই পয়সা খরচ করে সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো তৈরি করেছিলেন। জায়গাটা মাটি দিয়ে উঁচু করা।
এলাকাবাসী বলছেন, এতে নদীর পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। বর্ষার সময় পানিতে ভরে থাকে নদী। গ্রীষ্মে প্রবাহ আটকে যায়।
গত ৩০ অক্টোবর সেখানে গিয়ে এই প্রতিবেদক দেখেন, সেতুর দুই প্রান্তে মাটি ভরাট করার কারণে নদী সেখানে সরু নালা হয়ে গেছে। সেতুর উত্তরে বিশাল নদী কচুরিপানায় বুজে আছে। দক্ষিণে পানি আছে; সেখানে হাঁসের দল সাঁতার কাটছে। মানুষজন গোসলও করছেন।
নদীর কয়েক জায়গায় প্রভাবশালীরা দখল করে মাটি দিয়ে ঘিরে পুকুর বানিয়েছেন। ফলে সব মিলিয়ে কালীগঙ্গা নদী হারিয়েছে তার স্বাভাবিক গতিপথ। কচুরিপানা, দখল ও গাছগাছালিতে নদীর চেহারা চেনা কঠিন।
বাগুলাট ইউনিয়নের বড় গ্রাম শালঘর মধুয়া। কালীগঙ্গা নদী গ্রামটিকে দুই ভাগে ভাগ করেছে। পূর্ব পাশে নদীর পারেই বাগুলাট ইউনিয়ন পরিষদ ভবন। আছে স্থানীয় একটি বাজার। আরও ভেতরে আছে ভড়ুয়াপাড়া, নিতাইপাড়া, নাতুড়িয়া, চরপাড়া ও মধুপুর গ্রাম।
এসব গ্রামের মানুষ হেঁটে এই সেতু পার হয়ে কুষ্টিয়া শহরে যেতেন। বাসিন্দারা বলছেন, সেতু তৈরির আগে সেখানে নৌকা ছিল, পরে আর চলত না। সংযোগ-সড়কহীন সেতুর ওপর দিয়ে যানবাহনও যেত না। তাই অনেকটা পথ ঘুরে যেতে হতো।
সেতুর পশ্চিম প্রান্তের বাসিন্দা শেখ সেলিম বললেন, নদীর মাঝখানে অনেক আগে এটা তৈরি করা হয়েছিল। তখন কোনো সড়ক ছিল না। এখন সেতুও ধসে পড়ার অবস্থা। বাঁশের সাঁকোও জরাজীর্ণ। ব্যবহার প্রায় হয় না। মাটি পড়ে নদী আটকে গেছে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা প্রথম আলোকে বলেন, গঙ্গা ব্যারাজ প্রকল্পের আওতায় কালীগঙ্গা নদী খনন করা হবে। নদীর সীমানা নির্ধারণ করে দখলমুক্তও করা হবে। পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে যা যা করার সব করা হবে।
আর শেখ সেলিম সেদিন বলেছিলেন, ‘কেউ দেখতেও আসে না। খোঁজও নেয় না।’ মানুষ ঝুঁকি নিয়ে কোনোরকমে সেতু পার হয়। ২০২২ সালে অবশ্য এক কিলোমিটার দূরে বড় একটি সেতু হয়েছে।
তবে সেলিমের কথা, এখানেও একটা সেতু হলে মানুষজন সহজে ইউনিয়ন পরিষদে যেতে পারবেন। এখন অনেকটা পথ ঘুরে যেতে হয়।