পঞ্চগড় জেলার মানচিত্র
পঞ্চগড় জেলার মানচিত্র

স্বামীর জানাজা–দাফনের কিছুক্ষণ পরই স্ত্রীর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্বামীর জানাজা ও দাফনের কিছুক্ষণ পরই স্ত্রীও মারা গেছেন। উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। দুজনই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মারা যাওয়া দম্পতি হলেন ওমর আলী (৮০) ও হরতন বেগম (৭৭)। ওমর আলী পেশায় কৃষক ছিলেন। তাঁদের পাঁচ ছেলে ও তিন মেয়ে আছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান ওমর আলী। এরপর আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে হরতন বেগমের মৃত্যু হয়।

দণ্ডপাল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুরুজ্জামাল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দম্পতির স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ওমর আলী ও হরতন বেগম। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতেই মারা যান ওমর আলী। আজ সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে শান্তিনগর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে ওমর আলীর দাফনকাজ শেষে স্বজনেরা বাড়ি ফেরার কিছু সময় পর ঘরে শয্যাশায়ী হরতন বেগমও মারা যান। স্বামীর মৃত্যুর কথা জেনেছিলেন হরতন বেগম। এমনকি সকালে পরিবারের সদস্যরা তাঁকে হালকা খাবারও খাওয়ান বলে জানা গেছে। পরে আজ বাদ আসর জানাজা শেষে হরতন বেগমকে স্বামীর পাশেই দাফন করা হয়।

ওমর আলীর ভাতিজা ও স্থানীয় স্কুলশিক্ষক শামীম মির্জা বলেন, চাচা–চাচি দুজনই বার্ধক্যের কারণে অসুস্থ ছিলেন। তবে চাচি (হরতন বেগম) কথাবার্তা বলতে পারতেন। সকালে চাচাকে দাফন শেষে সবাই বাড়ি ফিরি। পরে দুপুরে দেখি, ঘরে চাচিও মারা গেছেন। তিনি বলেন, ‘এমন ঘটনায় শুধু তাঁদের ছেলেমেয়েরাই নন, এলাকার মানুষও শোকস্তব্ধ।’