
দিনাজপুর সদর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবিদ হোসেন এ রায় দেন। রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামির নাম প্রভাত চন্দ্র রায়। তিনি উপজেলার মাধবপুর চিরাকুঠিপাড়া গ্রামের বাসিন্দা। মামলার রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০০৯ সালে প্রভাত চন্দ্রের সঙ্গে বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বাসিন্দা সুভাষ চন্দ্রের মেয়ে ববিতা রানীর বিয়ে হয়। তাঁদের দুই সন্তান আছে। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে ঝগড়া হতো। প্রভাত তাঁর স্ত্রীকে মারধর করতেন।
২০১৪ সালে প্রভাত বাড়ি থেকে নিরুদ্দেশ হলে ববিতা তাঁর ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন। মাস তিনেক পরে স্ত্রী ও সন্তানকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়ে যান প্রভাত। কিন্তু আবারও স্ত্রীকে মারধর করতে থাকেন তিনি। মারধরের কারণে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর ববিতা ভাইয়ের বাড়িতে যেতে চাইলে প্রভাত চন্দ্র লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ববিতা অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে তাঁকে গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করেন প্রভাত।
ঘটনার পরদিন ববিতার ভাই পরিতোষ চন্দ্র বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত সাপেক্ষে ২০১৮ সালের অক্টোবর মাসে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক রাজ্জাকুল ইসলাম। তিনি বলেন, রায় ঘোষণার পর বিকেলে প্রভাত চন্দ্রকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।