মাগুরায় ঝোপ থেকে উদ্ধার নবজাতক মা দাবি করা তরুণীর হেফাজতে

নবজাতক
প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুর উপজেলায় ঝোপ থেকে উদ্ধার হওয়া নবজাতককে শর্ত সাপেক্ষে মা দাবি করা তরুণীর হেফাজতে দিয়েছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড। ১২ দিন হাসপাতালে চিকিৎসার পর গতকাল রোববার নবজাতককে তরুণীর কাছে দেওয়া হয়। তবে ওই তরুণীই নবজাতকের মা কি না, এ বিষয়ে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড।

উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮টি শর্তে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে নবজাতককে ওই তরুণীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ডিএনএ প্রতিবেদনে ওই তরুণী মা প্রমাণিত না হলে নবজাতককে শিশু কল্যাণ বোর্ডের কাছে হস্তান্তর করতে হবে।

শর্তগুলোর মধ্যে রয়েছে, ডিএনএ প্রতিবেদন আসার আগপর্যন্ত শিশুটিকে নিজ জিম্মায় সুরক্ষিত রাখতে হবে, মায়ের দায়িত্ব পালন করতে হবে, কারও কাছে হস্তান্তর করা যাবে না। কোনো সমস্যা হলে শিশু কল্যাণ বোর্ডকে জানাতে হবে, শিশু কল্যাণ বোর্ডের অনুমতি ছাড়া ওই শিশুকে নিয়ে এলাকা ত্যাগ করা যাবে না। এ ছাড়া সাত দিন পরপর শিশুসহ কল্যাণ বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে হবে।

উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যসচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম আকরাম মুঠোফোনে বলেন, ‘ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত আদালত দিয়ে থাকেন। আমরা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের পক্ষ থেকে একটি রেজল্যুশন করে জেলা সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তার মাধ্যমে আদালতে পাঠাচ্ছি। পরবর্তী সিদ্ধান্ত আদালত দেবেন।’

থানা-পুলিশ জানায়, ১৭ মে একটি ঝোপে এক নবজাত কন্যাশিশুকে দেখতে পান স্থানীয় এক গৃহবধূ। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই নবজাতককে নিজের সন্তান বলে দাবি করেন ওই তরুণীসহ দুই নারী। তাঁরা সম্পর্কে বোন।

নবজাতকের দায়িত্ব পাওয়া তরুণী উপজেলা শিশু কল্যাণ বোর্ডের কাছে বলেছেন, একই এলাকার একটি ছেলের সঙ্গে তাঁর প্রেম ছিল। বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওই তরুণীর বড় বোন নিঃসন্তান। এ কারণে তাঁর বোন সন্তানটি নিতে চেয়েছিলেন। ঘটনার তিন দিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ওই নবজাতকের জন্ম হয়। তাঁরা লোকলজ্জার ভয়ে ১৭ মে ভোরে মসজিদের পাশে শিশুটিকে ঝোপের মধ্যে রেখে আসেন।

দুই বোনের পরিকল্পনা ছিল, নবজাতকের কান্নার শব্দে মসজিদের ইমাম এসে শিশুটিকে উদ্ধার করবেন। এরপর ইমাম যখন ঘোষণা দেবেন, সবার আগে তরুণীর বোন গিয়ে নবজাতকটি দত্তক নিয়ে নেবেন। তবে ইমামের আগে স্থানীয় এক গৃহবধূ শিশুটিকে দেখতে পেয়ে যান। এ কারণে তাঁদের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। যে কারণে তাঁরা পরে থানায় যোগাযোগ করেছেন।

ওই তরুণীর যে ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তাঁর পরিচয় শিশু কল্যাণ বোর্ডের কাছে জানানো হয়। শ্রীপুর থানার পুলিশ তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে জানতে পারে, ছেলেটি পলাতক। পরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের বৈঠকে ওই ছেলেকে খুঁজে বের করতে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও সেই ছেলের খোঁজ মেলেনি। পুলিশ বলছে, মামলা না হলে এ বিষয়ে তাঁরা কোনো আইনি পদক্ষেপ নিতে পারছেন না।

ভুক্তভোগী তরুণীর মা আজ সোমবার মুঠোফোনে বলেন, কীভাবে কী করবেন, তা বুঝতে পারছেন না। মামলা করলে ফলাফল হিতে বিপরীত কিছু হবে কি না, তা নিয়েও শঙ্কায় আছেন। তা ছাড়া মামলা চালানোর মতো অর্থকড়িও তাঁদের নেই।

শ্রীপুর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার আজ বলেন, ওই তরুণী শিশুটির মা কি না, তা শতভাগ নিশ্চিত হওয়ার জন্য উপজেলা শিশু কল্যাণ বোর্ড ডিএনএ পরীক্ষার জন্য আইনগত পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে।