শনিবার যানবাহনের চাপ কম ছিল। শনিবার দুপুরে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজার সামনে
শনিবার যানবাহনের চাপ কম ছিল। শনিবার দুপুরে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজার সামনে

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। যমুনা সেতুর ওপর দিয়ে ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। রোববার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৬ থেকে ১৭ হাজার যানবাহন সেতু পারাপার হয় বলে সেতুর টোল প্লাজা সূত্র জানিয়েছে। রোববার যানবাহনের চাপ আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অপর দিকে ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় শনিবার থেকেই যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ লেন দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য পৃথক লেন করা হয়েছে।