
বগুড়ায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় গতকাল মঙ্গলবার পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলির শব্দে শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের অর্ধশত ছাত্রী অসুস্থের পর শিক্ষার্থীদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। ছাত্রীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পাঠদান ও পরীক্ষা স্থগিত করে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার থেকে বিদ্যালয়টিতে টানা দুই সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বিদ্যালয়ের নোটিশ বোর্ডে এ–সংক্রান্ত নোটিশ ঝোলানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, কাঁদানে গ্যাসের ধোঁয়ায় শ্বাসকষ্ট ও আতঙ্কে অর্ধশত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৪৫ জনকে মোহাম্মদ আলী হাসপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রায় চার ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বিকেলে ছাত্রীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অসুস্থ ছাত্রীদের কারও শ্বাসকষ্ট, আবার কারও চোখ জ্বালাপোড়া করছে।
প্রধান শিক্ষক বলেন, ওই ঘটনার পর ছাত্রীদের মধ্যে এখনো আতঙ্কের রেশ কাটেনি। আতঙ্ক কাটাতে পাঠদান বন্ধসহ এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজকের (বুধবার) স্থগিত প্রাথমিক স্তরের নির্ধারিত পরীক্ষা ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। এ ছাড়া গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ ও আশুরা উপলক্ষে ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। ৩ আগস্ট থেকে যথারীতি পাঠদান চলবে।
সরকার পতনের এক দফা দাবিতে গতকাল দুপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বাধা দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত। বেলা পৌনে একটার দিকে শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় মোড়ে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল, শটগানের গুলি ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলি ও হামলায় অন্তত ২০০ নেতা-কর্মী আহত হন বলে বিএনপির দাবি। এর মধ্যে ৭০ জন গুলিবিদ্ধ। অন্যদিকে পুলিশের দাবি, বিএনপির হামলায় ৬ থেকে ১১ পুলিশ সদস্য আহত হন।
ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে বিদ্যালয়ে পাঠদান চলছিল। হঠাৎ মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। শিক্ষার্থীরা কৌতূহলবশত জানালা দিয়ে বাইরের পরিস্থিতি দেখার চেষ্টা করলে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল এসে জানালার কাছে পড়ে। কাঁদানে গ্যাসের ধোঁয়ার কুণ্ডলী জানালা দিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে। এতে ছাত্রীদের শ্বাসকষ্ট শুরু হয়। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় শ্বাসকষ্ট ও আতঙ্কে অর্ধশত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকি শিক্ষার্থীদের পর্যবেক্ষণে রাখা হয়। প্রায় চার ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বিকেল পাঁচটার দিকে ছাত্রীরা হাসপাতাল ছাড়ে।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শফিক আমিন কাজল বলেন, পুলিশের কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ অর্ধশত শিক্ষার্থীকে পর্যবেক্ষণ ওয়ার্ডে ভর্তি করা হয়। কিছুটা সুস্থবোধ করলে চার-পাঁচ ঘণ্টা পর সবাইকে ছাড়পত্র দেওয়া হয়।
এদিকে সংঘর্ষের ঘটনায় শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিনুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদারসহ ৪৯ জনকে আসামি করে মামলা করেছেন। এ ছাড়া সংঘর্ষের জেরে পুলিশের সঙ্গে অন্যান্য সহিংসতার ঘটনায় পৃথক চারটি মামলায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ ২১১ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। গতকাল দিবাগত রাত ১২টার পর সদর থানায় তিনটি ও দুপচাঁচিয়া থানায় একটি মামলা হয়।
মামলার পর গতকাল দিবাগত রাত তিনটার দিকে শহরের সূত্রাপুরের বাসা থেকে আলী আজগর তালুকদারকে এবং রাত সাড়ে তিনটার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমানকে তাঁর পুরান বগুড়ার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া দুপচাঁচিয়া থানায় করা মামলায় আবু বক্কর, তামিম ও রাজু নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, পুলিশ ফাঁড়িতে হামলা, সরকারি কাজে বাধা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম প্রথম আলোকে বলেন, পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলি চালিয়েছে। এতে তাঁদের ২০০ নেতা-কর্মী আহত হন। গুলিবিদ্ধ হন ৭০ জন। এক দফা দাবি বানচাল করতে ও আগামী নির্বাচনে বিএনপিকে মাঠছাড়া করতে নেতা-কর্মীদের ওপর হামলা ও মামলা করা হচ্ছে।