উঁচু গাছের ডালে আটকে পড়া একটি চিলকে মুক্ত করছেন ফায়ার সার্ভিসের কর্মী। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে
উঁচু গাছের ডালে আটকে পড়া একটি চিলকে মুক্ত করছেন ফায়ার সার্ভিসের কর্মী। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে

সুনামগঞ্জে উঁচু গাছের ডালে আটকে পড়া চিল উদ্ধার করল ফায়ার সার্ভিস

গগনশিরীষ গাছের উঁচু ডালে আটকা পড়ে একটি চিল। পায়ে থাকা দড়ি ডালে প্যাঁচ লেগে চিলটি আটকে ছিল। মাথা নিচের দিকে ঝুলে থাকা অবস্থায় ছটফট করছিল। ২৪ ঘণ্টা পর খবর পেয়ে পাখিটিকে মুক্ত করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এ ঘটনা ঘটে।

পাঠাগারের সহসাধারণ সম্পাদক এ আর জুয়েল জানান, পাঠাগার প্রাঙ্গণে দুটি উঁচু গগনশিরীষগাছ আছে। দুটি গাছেই রাতে অনেক পাখি আশ্রয় নেয়। রোববার দুপুরে একটি গাছের ডালে চিলটি আটকা পড়ে। পাখিটি সেখানে ঝুলছিল আর মুক্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। আশপাশের দোকানিরা পাখিটির এই অবস্থা দেখলেও লাইব্রেরিতে জানাননি। সোমবার দুপুরে গাছের ওপর আরও কিছু চিল এসে ওড়াউড়ি করছিল। তখন পাশের এক দোকানি বিষয়টি পাঠাগার কর্তৃপক্ষকে জানান। পরে পাঠাগার থেকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করা হলে দুজন এসে প্রথমে বিষয়টি দেখে যান। পরে গাড়িসহ একটি উদ্ধারকারী দল এসে গাছে উঠে পাখিটিকে মুক্ত করে। এ ঘটনা দেখতে অনেক উৎসুক মানুষ জড়ো হন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস দ্রুত আসায় একটি পাখির প্রাণ বাঁচল। দ্রুততার সঙ্গে মানবিক কাজটি করায় আমরা তাদের ধন্যবাদ জানাই।’

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সুবল দেবনাথ বলেন, ‘পাঠাগারের সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে যোগাযোগ করেন। গাছটির অনেক উঁচুতে চিলটি আটকা পড়ে। পরে আমার সেটিকে মুক্ত করে দিয়েছি। মুক্ত হওয়ার পর চিলটি উড়ে গেছে।’