
বাজারে চালের দাম বাড়তি। মোটা চালের দামও ঊর্ধ্বমুখী। সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পোশাকশ্রমিকদের। এমন পরিস্থিতিতে গাজীপুরে ৩০ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ পাচ্ছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরের ৩০টি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে জেলা খাদ্য অধিদপ্তর। জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এতে ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন একজন শ্রমিক।
শুক্রবার সকালে গাজীপুর মহানগরের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় এ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই কারখানার ভেতরে চাল নিতে শ্রমিকদের দীর্ঘ সারি দেখা যায়। বাজারমূল্যের তুলনায় কম দামে চাল কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা। তবে চালের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও ন্যায্যমূল্যে সরবরাহের দাবি জানিয়েছেন তাঁরা।
মহানগরের তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানার ৫০০ শ্রমিকের মধ্যে এদিন চাল বিতরণ করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে তুলনামূলক কম দামে চাল পেয়ে খুশি শ্রমিকেরা। তাঁদের মতে, এ উদ্যোগ সংসারের খরচ কমাতে সহায়তা করবে। তবে শুধু চাল নয়, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও স্বল্প মূল্যে সরবরাহ করা হলে শ্রমিকদের বেশি উপকার হবে।
স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের প্রধান নির্বাহী কাজী শরিফুল ইসলাম বলেন, তাঁদের কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন। প্রথম পর্যায়ে তাঁদের মধ্য থেকে ৫০০ শ্রমিককে বাছাই করে চাল দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তিনি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফি আফজালুল আলম জানান, প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরের ৩০টি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নির্ধারিত কারখানাগুলোতে শ্রমিকদের মধ্যে ন্যায্যমূল্যে চাল বিক্রি করা হবে।