গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, পাঁচ চালককে জরিমানা

একটি বাসের চালকের কাছ থেকে জরিমানা আদায় করেন অধিদপ্তরের কর্মকর্তারা। বুধবার মানিকগঞ্জ সদরের মুলজান এলাকায়
ছবি: প্রথম আলো

ঈদ শেষে কর্মস্থলগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মানিকগঞ্জে পাঁচটি গণপরিবহনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব গণপরিবহনের কাছ থেকে মোট সাত হাজার টাকা আদায় করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালায় অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ঢাকার গাবতলী পর্যন্ত স্থানীয় বিভিন্ন গণপরিবহন যাত্রী পরিবহন করে। ঈদের ছুটি শেষে গতকাল মঙ্গলবার থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং পশ্চিম-উত্তরাঞ্চলের যাত্রীরা ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় কর্মস্থলে যাচ্ছেন। যাত্রীদের কাছ থেকে গণপরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে—এমন অভিযোগের ভিত্তিতে আজ সকাল ১০টা থেকে অভিযান চালায় অধিদপ্তর।

অভিযানে বিআরটিএর মানিকগঞ্জ কার্যালয়, জেলা ক্যাব ও সদর থানা-পুলিশ সহযোগিতা করে।

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে যাত্রীসেবা পরিবহনের বাসের চালক আবু রায়হানকে ৫০০ ও অপর বাসের চালক আরিফ হোসেনকে ২ হাজার টাকা, পদ্মা দ্রতগতি পরিবহনের বাসের চালক মো. রুবেলকে ৩ হাজার, শুভযাত্রা পরিবহনের চালক তুহিন হোসেনকে ৫০০ এবং লেগুনার (ম্যাক্সি) চালক সাব্বির মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গণপরিবহনগুলো বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করে যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।