গাজীপুর সিটি নির্বাচন

আজীবন বহিষ্কারাদেশ পেয়ে যা বললেন কাউন্সিলর প্রার্থী বিএনপির নেতারা

বিএনপি
বিএনপি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নিয়ে বহিষ্কারাদেশ পাওয়া বিএনপির নেতারা বিষয়টিকে তেমন গায়ে মাখছেন না। কেউ কেউ বলছেন, একটি মহল এটি করিয়েছে।

বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, এমন সিদ্ধান্ত রয়েছে দলের। এই সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি নির্বাচনে দলটির ২৯ জন নেতা কাউন্সিলর পদে অংশগ্রহণ করেছেন। তাঁদের সবাইকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তাঁদের মধ্যে সাধারণ কাউন্সিলর প্রার্থী পদে নির্বাচন করছেন ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করছেন ৪ জন।

বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়, গাজীপুর সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যাঁরা কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু নেতারা কোনো সন্তোষজনক জবাব না দিয়ে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন। দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী ২৯ নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল সরকার গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের দুবারের নির্বাচিত কাউন্সিলর। এবারও তাঁর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। নির্বাচিত হতে চলছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বহিষ্কারাদেশ নিয়ে প্রথম আলোকে ফয়সাল সরকার বলেন, দলের সিদ্ধান্তই বড়। দল যেটি ভালো মনে করেছে, সেটিই করেছে। পরবর্তী সময়ে কী হয়, সেটিই এখন দেখার বিষয়।

গত সিটি নির্বাচনে ২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন গাজীপুর সদর থানা বিএনপির সভাপতি হাসান আজমল ভূঁইয়া। এবারও কাউন্সিলর প্রার্থী হয়েছেন তিনি। দলীয় নিষেধাজ্ঞার পত্রে তাঁর পদ লেখা হয়েছে, তিনি গাজীপুর সদর থানা বিএনপির আহ্বায়ক।

দলের নিষেধাজ্ঞা নিয়ে হাসান আজমল বলেন, বহিষ্কারের চিঠিটি দেখে মনে হয়, খুবই অপরিপক্ব হাতের কাজ। দলের একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেন্দ্রীয় নেতাদের উসকানি দিয়ে এই বহিষ্কার করানো হয়েছে। এতে দলের বেশি ক্ষতি হবে। এই বহিষ্কার সাংগঠনিকভাবে হয়নি। একটি মহল এটি করিয়েছে।

বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে পাঁচজনের সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। তাঁরা বলেছেন, গাজীপুরের কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচন হয়েছে। সেখানে বিএনপির নেতা–কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। তাঁদের বিরুদ্ধে তখন কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। গাজীপুর সিটি নির্বাচনে যেটি হয়েছে, তা অন্য নেতাদের উসকানিতে। এটি সাংগঠনিকভাবেও হয়নি। অনেকের পদ–পদবি ভুল লেখা হয়েছে। নামের মধ্যে ভুল রয়েছে। এই বহিষ্কারাদেশ দলের জন্য ভালো হয়নি।

বহিষ্কৃত নেতারা হলেন গাজীপুর সদর থানা বিএনপির সভাপতি হাসান আজমল ভূঁইয়া, গাজীপুর সদর থানাধীন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর সরকার; সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক হান্নান মিয়া; বাসন থানা বিএনপি সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন; টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফিউদ্দিন আহম্মেদ; মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল সরকার; পূবাইল থানা বিএনপির সদস্যসচিব নজরুল ইসলাম; পূবাইল থানা বিএনপির সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন; সদর থানা বিএনপির সদস্য মাহবুবুর রশিদ খান; সদর থানা বিএনপির সদস্য সবদের আহাম্মদ, খায়রুল আলম, জি এস মনির, শহিদুল ইসলাম, তানভির আহমেদ, শাহিন আলম, আনোয়ার সরকার ও রফিকুল ইসলাম।

আজীবন বহিষ্কৃত নেতাদের তালিকায় আরও আছেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম; টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সেলিম হোসেন; গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ফারুক হোসেন খান; গাজীপুর মহানগর মহিলা দলের জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার নুরুন্নাহার, কেয়া শারমিন; গাজীপুর মহানগর মহিলা দলের সদস্য ফিরোজা বেগম; টঙ্গী পূর্ব থানা মহিলা দলের জ্যেষ্ঠ সহসভাপতি হাসিনা মমতাজ; ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আলম; ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আউয়াল সরকার; গাছা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান; ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক মোবারক হোসেন মিলন ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান।
দলীয় সিদ্ধান্তের বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সদস্যসচিব শওকত হোসেন সরকার প্রথম আলোকে বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৩০ জন নেতা গাজীপুরে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে একজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। যার কারণে মঙ্গলবার গাজীপুরের বিএনপির ২৯ নেতাকে আজীবন দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের এ সিদ্ধান্ত পরবর্তী সময়ে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে শওকত হোসেন বলেন, ‘সেটি এখনই বলা যাচ্ছে না। ফিরিয়ে আনার বিষয়টি কেন্দ্রীয় নেতাদের হাতে, আমাদের এখানে কিছু করার নেই।’

নিষেধাজ্ঞায় থাকা নেতাদের তালিকায় আছেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, এবারের কাউন্সিলর প্রার্থী এবং সদর থানা বিএনপির সদস্য তানভীর আহমেদ। দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে আমরা বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি না। যেহেতু দুইটার একটা আমাকে বেছে নিতে বলা হয়েছে। তাই আমি জনগণের সঙ্গেই আছি। এখন নির্বাচন নিয়েই চিন্তা করছি। অন্য কিছু নিয়ে ভাবছি না।’