সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদে দান করা একটি কাঁঠালের নিলাম নিয়ে গত সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় গোষ্ঠীগত পুরোনো দ্বন্দ্ব সামনে আসে। দেশের বিভিন্ন জেলায় এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। কেন এমনটা হয় আর কীভাবেই-বা এই পরিস্থিতির উন্নতি করা যায়, এসব নিয়ে প্রথম আলো কথা বলেছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের অধ্যাপক সুস্মিতা রায়ের সঙ্গে।

সুনামগঞ্জে কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষের ঘটনাটি নিশ্চয়ই জেনেছেন। এমন তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা সিলেট অঞ্চলে ঘটছে। কেন ঘটছে বলে মনে করেন?
সুস্মিতা রায়: কাঁঠালের কারণেই সংঘর্ষ হয়েছে, এটা মূল কারণ নয়। মূলত এমন ঘটনা ঘটছে মানুষের ব্যক্তিত্বের কিছু সমস্যা থেকে। আমাদের শারীরিক গঠন হয় ছোটবেলা থেকেই, ব্যক্তিত্বেরও গঠনও কিন্তু ছোটবেলা থেকেই হয়। আমরা মানুষের যে স্বভাব-চরিত্রের কথা বলি, যেমন কেউ একটু রাগী, কেউ একটু শান্ত, কেউ অল্পতেই উত্তেজিত হয়ে পড়েন। এগুলোকেই আমরা ব্যক্তিত্ব বলি এবং এটা ১৮ বছর বয়স পর্যন্ত তৈরি হয়। ব্যক্তিত্বে যাঁদের সমস্যা থাকে, মূলত তাঁরাই সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়ছেন। সেটা মারামারি হতে পারে, চুরি-ছিনতাই হতে পারে। অর্থাৎ, যেকোনো ধরনের সমাজবিরোধী কাজে মানুষ জড়িয়ে পড়েন।
সুনামগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, সেটার বিস্তারিত হয় তো আমি জানি না। তবে একটা জিনিস খেয়াল করলেই দেখবেন, সেখানে কিন্তু সংঘর্ষে বা ঘটনাস্থলে থাকা দুই পক্ষ বা গোষ্ঠীর সব মানুষই সমানভাবে উত্তেজিত ছিলেন না। সেখানে কয়েকজন মানুষ খুব বেশি উত্তেজিত ছিলেন, খুন তো আর সবাই করেননি। এই কয়েকজন মানুষকে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, তাঁদের মধ্যে ব্যক্তিত্বের সমস্যা আছে। এ ধরনের মানুষের দ্বারাই কিন্তু সমাজবিরোধী নানা কার্যক্রম হয়।
তাহলে এর সমাধান কী? মানে ব্যক্তিত্বের সমস্যা দূর করা যেতে পারে কীভাবে?
সুস্মিতা রায়: বহু পক্ষের মাধ্যমে সমাধান করতে হয়। একজন যে সমাধান করে ফেলবেন, তা নয়। এটা প্রথমে পরিবার থেকে শুরু করতে হবে। পরিবারের সদস্যদেরই শনাক্ত করতে হবে, তাঁর বা তাঁদের পরিবারের কোনো লোক একটু রাগী অথবা কেউ একটু অল্পতেই উত্তেজিত হয়ে পড়েন, এমনভাবে শনাক্ত করা যেতে পারলে যদি ওই ব্যক্তির সমস্যা আসলেই রোগের পর্যায়ে থাকে, তাহলে চিকিৎসা করে তাঁকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব। আর রোগের পর্যায়ে না হলেও ওই ব্যক্তি থেকে সতর্ক থাকার পাশাপাশি তিনি যেন এসব পরিস্থিতিতে না যান, সেদিকে লক্ষ রাখা উচিত। এতে ঝামেলা অনেকাংশে কমানো সম্ভব। যিনি উত্তেজিত হয়ে যান, তাঁকে যদি আমরা আরও উত্তেজিত করে ফেলি, তাহলে কিন্তু বিষয়টি জটিল হয়ে পড়ে।
সুনামগঞ্জের ঘটনায় দেখা গেল, দুজনের তর্কাতর্কির জেরে সংঘর্ষে অনেক মানুষ জড়িয়ে পড়েছেন। এর আগেও এমন দলবদ্ধ সংঘর্ষ সিলেট অঞ্চলে দেখা গেছে। তার মানে কি তাঁরা সবাই ব্যক্তিত্বের সংকটে ভুগছেন?
সুস্মিতা রায়: না, বিষয়টা তেমন নয়। অনেক মানুষের মধ্যেই ব্যক্তিত্বের সংকট কিংবা এমন উত্তেজনা নেই। কথায় আছে না, আগুনে ঘি ঢেলে দেওয়া। আগুনে ঘি ঢেলে দেয় মূলত এক-দুজন। সবাই যে একসঙ্গে মারামারি শুরু করেন, তা নয়। শুরুটা করেন এক-দুজনই এবং বেশি উত্তেজনা তৈরি করেন ওই এক-দুজনই। গোষ্ঠীগত সংঘর্ষের ঘটনাগুলো পর্যালোচনা করে দেখবেন, আমি যে রকম মানসিকতাসম্পন্ন মানুষের কথা বললাম, সেখানে এ রকম দুই-চারজন আছেন। আর তাঁরাই অন্য সবাইকে উত্তেজিত করেন। তারপর উত্তেজনা একবার শুরু হয়ে গেলে স্বাভাবিকভাবে বড় হয়ে পড়ে। তখন এটা থামানো মুশকিল হয়ে পড়ে। সুনামগঞ্জেও নিশ্চয়ই এটাই ঘটেছে এবং পরে সবাই একসঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন।
এসব রোধে কাউন্সিলিংয়ের গুরুত্ব কতটুকু?
সুস্মিতা রায়: অঞ্চলভিত্তিক এটা করা যেতে পারে। ধরেন, একটা অঞ্চলে তুচ্ছ বিষয় নিয়ে বড় ধরনের মারামারি হলো। তখন সেখানকার মুরব্বি, নেতৃত্বস্থানীয় ব্যক্তি, শিক্ষক ও সমাজসচেতন ব্যক্তিরা শনাক্ত করতে পারেন, কেন এ ঘটনা ঘটেছে, কারা কী কারণে এ ঘটনা ঘটাচ্ছেন। যাঁদের শনাক্ত করা হবে, তাঁদের যদি কাউন্সিলিং করা যায়, তাহলে সমস্যার সমাধান অনেকটাই হবে।
একটা ঘটনা কিন্তু আরেকটা ঘটনাকে উৎসাহিত করে। এই যে সুনামগঞ্জে একটা মারামারি হলো, বিষয়টা অনেকে জানলেন। পরবর্তী আরেকটা ঘটনায় এটা রেফারেন্স হিসেবে কাজ করবে। মানুষের মনের ভেতরে কিন্তু এসব বিষয় ঢুকে যায়। এসব বিষয়ের নেতিবাচক দিকগুলো আলোচনায় নিয়ে আসতে হবে। কাজটা যে সঠিক নয়, যাঁরা এমন ঘটনা ঘটান, তাঁরা কী ধরনের আইনগত শাস্তির মুখোমুখি হন কিংবা তাঁদের পরিণতি কী হচ্ছে, এসব বিষয় আলোচনাতে আনতে হবে। তাহলে পরবর্তী ঘটনা রোধ করা সম্ভব হবে।