সিরাজগঞ্জ

সমালোচনার মুখে সাংবাদিক হত্যা মামলার আসামিকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

হালিমুল হক ওরফে মিরু
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক ওরফে মিরুকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি পত্রে সংশোধিত কমিটির তালিকায় হালিমুল হককে অব্যাহতি দেওয়া হয়। গত ২২ ফেব্রুয়ারি ‘সিরাজগঞ্জ আওয়ামী লীগের কমিটিতে সাংবাদিক হত্যা মামলার আসামি’ শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের কমিটিতে হালিমুল হককে কার্যনির্বাহী সদস্য পদ দেওয়া পর থেকে বিভিন্ন আলোচনা–সমালোচনা শুরু হয়েছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী সদস্যদের তালিকা থেকে হালিমুল হককে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে তাপস সিরাজী নামের আরেকজনকে সদস্য করা হয়েছে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসানকে সভাপতি ও আবদুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সম্মেলনের প্রায় এক বছর পর ১৯ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি পত্রে আগামী তিন বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। তবে নবগঠিত ওই কমিটিতে হত্যা মামলার আসামি হালিমুল হকের পদ পাওয়ার পর থেকে সমালোচনার সৃষ্টি হয়।

এর আগে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর শহরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম ওরফে শিমুল গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরদিন অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে শিমুলের মৃত্যু হয়। শিমুলের পরিবারের দাবি, হালিমুল হকের ছোড়া গুলিতে শিমুল গুলিবিদ্ধ হন। হালিমুল হক ওই সময় শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহার খাতুন বাদী হয়ে হালিমুল হকসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তারের পরপরই কেন্দ্র থেকে হালিমুল হককে সাময়িক বহিষ্কার করে আওয়ামী লীগ। পরে মেয়র পদ থেকেও তাঁকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।