বকেয়া বেতনের দাবিতে মেয়রের বাসভবনের সামনের সড়ক অবরোধ

বকেয়া বেতন আদায় করে দিতে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় সিটি মেয়রের বাসভবনের সামনের সড়ক অবরোধ করেন একটি পোশাক কারখানার শ্রমিকের
ছবি: জুয়েল শীল

বকেয়া বেতন আদায় করে দিতে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের সামনের সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ৪ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে আছেন তাঁরা। এই শ্রমিকদের অভিযোগ তাদের তিন থেকে পাঁচ মাসের বেতন বকেয়া রেখেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

ডায়নামিক ফাইভ নিট ওয়্যার লিমিটেড নামের এই কারখানাটি শাহ আমানত সেতু এলাকায় অবস্থিত। সেখান থেকে চার–পাঁচ কিলোমিটার দূরে বহদ্দারহাট এলাকায় মেয়রের বাসভবনটি অবস্থিত।

আজ দুপুর সাড়ে ১২টা থেকে বহদ্দারহাট এলাকায় শাহ আমানত সেতু সংযোগ সড়কের দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ও বসে অবস্থান নেন অন্তত দেড় শ শ্রমিক। তাঁদের সবার দাবি বকেয়া বেতন পরিশোধ না করলে তাঁরা সড়ক থেকে উঠবেন না। তাঁদের অনেকের ঘর ভাড়া বকেয়া, অনেক টাকা ঋণ হয়েছে বেতনের কারণে।

অবস্থানরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগেও কয়েকবার বেতনের দাবি জানিয়ে বেতন পাননি তাঁরা। চলতি মাসের ১৫ তারিখ অর্থাৎ আজ সোমবার তাঁদের বেতন দেওয়া হবে বলে মালিকপক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তা না হওয়ায় তাঁরা অবস্থান নিয়েছেন। এখন তাঁরা মেয়রের মাধ্যমে এর সমাধান চান।

মেয়র ভবনের সামনের সড়ক থেকে সরে যেতে শ্রমিকদের বোঝাচ্ছেন পুলিশ সদস্যরা

পোশাকশ্রমিক জান্নাত বেগম বলেন, গত চার মাসের বেতন বকেয়া তাঁর। বারবার আশ্বাস দিয়েও বেতন দেওয়া হয়নি। এমনকি ঈদেও কোনো বোনাস পাননি তাঁরা। রমজান মাসে মেয়র বরাবর অভিযোগ করেছিলেন। মেয়রের সুপারিশে ৩ হাজার টাকা করে পেয়েছিলেন তাঁরা।

আরেক শ্রমিক মোহাম্মদ জিশান বলেন, এর আগে মেয়রের সুপারিশে ৩ হাজার টাকা দেওয়া হয়েছিল মাত্র। এরপর মালিকপক্ষ আর যোগাযোগ করেনি। শ্রম আদালতে গিয়েও কার্যকর সমাধান মেলেনি।

এ সময় গরমে জ্ঞান হারান শ্রমিক নিপা আক্তার। তাঁর পাশে থাকা লিমা বেগম বলেন, সকাল ৯টার দিকে বেতনের দাবিতে মেয়রের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁরা। কিন্তু তখন তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা সড়ক অবরোধ করেন। ঘর ভাড়া বকেয়ার কারণে নিপা আক্তারকে ঘর ছাড়তে হয়েছে।

গরমে জ্ঞান হারান শ্রমিক নিপা আক্তার

বেলা একটার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। চানগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, সড়কে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে, সেই জন্য শ্রমিকদের বুঝিয়ে একপাশে সরিয়ে আনা হয়। এরপর তাঁরা মেয়রের বাসার সামনের অংশের সড়কে অবস্থান নেয়। বর্তমানে সড়কের অন্যপাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই প্রতিবেদক মালিকপক্ষকে বেশ কয়েকবার ফোন করে তা বন্ধ পেয়েছেন। মেয়রকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি। পুলিশের পক্ষ থেকেও মালিকপক্ষকে ফোন করে বন্ধ পান। ওসি জানান, অন্যভাবে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।