
গাজীপুরকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে ৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর প্রেসক্লাবে এবং বেলা দুইটায় শহরের একটি সাংবাদিক কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন তিনি।
নির্বাচনে আট মেয়র প্রার্থীর মধ্যে আতাউর রহমানই প্রথম ইশতেহার ঘোষণা করলেন।
ইশতেহার ঘোষণার সময় ইসলামী আন্দোলনের প্রার্থী ছাড়াও দলের গাজীপুর মহানগর শাখার সভাপতি ফয়েজ উদ্দিন, দলের জ্যেষ্ঠ নেতা আ. মালেক, সহসভাপতি হানিফ সরকার ও শহিদুল ইসলাম, সহসম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও গণ্যমাধ্যম সমন্বয়কারী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
শুরুতেই আতাউর রহমান বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে শঙ্কায় আছি। সরকারদলীয় নেতা-কর্মীদের কারণে সঠিকভাবে প্রচার–প্রচারণা করতে পারছি না। তাঁরা নানাভাবে আমাদের প্রতিহত করার চেষ্টা করছেন। এসব কারণেই আজ বিএনপি নির্বাচনে আসেনি। যার কারণে আমরা গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি।’
গাজী আতাউর রহমানের ৩৪ দফা ইশতেহারে সবার গাজীপুর সিটি করপোরেশন দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে বলেন, ‘প্রতিবছর আমার কাউন্সিলর ও সিটির কর্মকর্তা ও কর্মচারীদের আয় বিবরণী প্রকাশ করা হবে। ই-টেন্ডার চালু করা হবে। সব কাজ দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কস্ট ইফেক্টিভনেস বিবেচনায় প্রদান করা হবে। বিগত সব দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে।’
ইশতেহারে আরও বলা হয়, গাজীপুরে সাক্ষরতার হার শতভাগ করতে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাভিত্তিক গণসাক্ষরতা কর্মসূচি চালু করা হবে। মসজিদভিত্তিক মক্তব ও বয়স্ক কোরআন শিক্ষা কোর্স চালু করা হবে। ওয়ার্ডভিত্তিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হবে। বিদ্যালয়গুলোর মান ও ধরন দেশের শীর্ষ বিদ্যালয়গুলোর সঙ্গে তাল মিলিয়ে রক্ষা করা হবে। সিটির উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হবে।
নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মহানগরের প্রধান সড়কগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। জনগণের জানমালের নিরাপত্তায় থানাগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলবে সিটি করপোরেশন। শ্রমিক–অধ্যুষিত এই মহানগরের শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক তৈরির মাধ্যমে শ্রমিক অধিকার নিশ্চিত করতে হবে।
নির্বাচিত হলে দখল করা ফুটপাতগুলো উদ্ধার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জানিয়ে আতাউর রহমান বলেন, ফুটপাতে জীবিকা নির্বাহ করা হকারদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসন করা হবে। ফুটপাতকে অধিক নিরাপদ ও আরামদায়ক রাখার জন্য ফুটপাতের ধারে সবুজায়ন করা হবে। মহানগরে মশার উপদ্রবের বিষয়ে ইশতেহারে বলা হয়, রাজধানী শহরের মতো গাজীপুরে মশা একটি ভয়ানক সমস্যা। মশার কারণে ডেঙ্গুসহ নানাবিধ রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। তাই প্রতিদিন মহল্লাভিত্তিক পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
ইশতেহারে আরও বলা হয়, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। প্রতিটি রাস্তায় সড়কবাতির ব্যবস্থা করা হবে। টঙ্গী বাজারের ভেতরকার রাস্তায় আবর্জনা ও জলাবদ্ধতা অসহনীয়। আসন্ন বর্ষার আগেই সব রাস্তা পরিষ্কার করা হবে এবং পানিনিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া বস্তি, মাদক, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও নগরস্বাস্থ্য, সিটিজেন চার্টার, হকার ও ছিন্নমূল শিশুদের পুনর্বাসন, নারীবান্ধব গণপরিবহন, নাগরিকের নৈতিক উন্নয়ন, জাকাত বোর্ড, নগর ভবন নির্মাণ, সামজিক নিরাপত্তাবলয় তৈরি করা হবে।
গাজী আতাউর রহমান বলেন, দীর্ঘদিনের জমে থাকা জঞ্জাল, সীমাহীন অনিয়ম, পরিকল্পিত দুর্ভোগ, মাত্রাতিরিক্ত দুর্নীতি, স্বজনপ্রীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে ক্ষমতাশীলদের অনৈতিক আধিপত্য নগরবাসীকে বিষিয়ে তুলেছে। জনমনে শান্তি নেই, স্বস্তি নেই। নগরজীবনে নিরাপত্তা নেই। নগরজীবনে স্বস্তি, শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য আসন্ন সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।