শিশু-কিশোরদের খেলার জন্য নির্দিষ্ট মাঠ নেই। বিভিন্ন স্কুলের মাঠে গিয়ে তারা খেলাধুলা করে। সরকারি কমিউনিটি সেন্টার ও সিটি করপোরেশনের বাজারঘাট নেই।

গাজীপুরের কাশিমপুর থেকে জিরানী পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য পৌনে সাত কিলোমিটার। প্রায় পাঁচ বছর আগে নর্দমার ওপর ফুটপাত নির্মাণসহ সড়ক সংস্কার করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে সড়কের মাঝখানে ইটের সলিং করে দুই পাশে কার্পেটিং করা হয়। মাঝখানের সলিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট–বড় গর্তের। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আর ওয়ার্ডের মহল্লার সড়কগুলো আরও বেশি ভাঙাচোরা।
গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সড়কগুলোর অবস্থা এমন। গাজীপুর মহানগরের পশ্চিমে গোবিন্দবাড়ি, হাতিমারা, পূর্ব এনায়েতপুর, পশ্চিম এনায়েতপুর এলাকা নিয়ে এই ওয়ার্ড। ওয়ার্ডে পাঁচ লাখ মানুষের বসবাস।
গত শনিবার এলাকাগুলো ঘুরে এবং স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় শিশু-কিশোরদের খেলার জন্য নির্দিষ্ট মাঠ নেই। বিভিন্ন স্কুলের মাঠে গিয়ে তারা খেলাধুলা করে। সরকারি কমিউনিটি সেন্টার ও সিটি করপোরেশনের বাজার নেই। কোনো ক্লিনিক বা চিকিৎসাকেন্দ্র না থাকায় সবাইকে যেতে হচ্ছে গাজীপুর শহরে বা আশপাশের ক্লিনিকে। ভাঙাচোরা রাস্তায় সারাক্ষণ ধুলাবালি উড়তে থাকে। আর বর্ষায় সড়ক জলাবদ্ধ হয়ে থাকে।
সিটি করপোরেশনের জোন-৫-এর কার্যালয় সূত্রে জানা গেছে, জাইকার একটি প্রকল্পের আওতায় ওই পৌনে সাত কিলোমিটার সড়ক সংস্কারে ১০ কোটি ৬২ লাখ ৩২ হাজার এবং নর্দমাসহ ফুটপাত নির্মাণে ১৬ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় ধরা হয়। ২০১৯ সালের মাঝামাঝি সেই কাজ শেষ হয়। কিন্তু সড়কের মধে৵ সড়ক বিভাজক নির্মাণ করার কথা ছিল। পরে সেই কাজ বন্ধ করে দেয় জাইকা। এলাকাবাসী ও যানবাহন চলাচলের কথা চিন্তা করে সিটি করপোরেশন সড়কের মাঝখানে ইটের সলিং করে দেয়। অনেক দিন হওয়ায় সেই ইট ভেঙে যাচ্ছে। এতে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। ওয়ার্ডে কোনো ক্লিনিক, কাঁচাবাজার, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, কবরস্থান নেই। তবে এগুলো করার পরিকল্পনা আছে। কয়েকবার জায়গা খোঁজা হয় একটি ক্লিনিকের জন্য কিন্তু সেই জায়গা পাওয়া যায়নি। তাই ক্লিনিকের কাজও করা হয়নি।
হাতিমারার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ভোটের আগে কাউন্সিলর বলেছিলেন সব রাস্তা ঠিক হয়ে যাবে, তাঁরা করে দেবেন। কিন্তু কিছুই করতে পারেননি।
৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইজউদ্দিন মোল্লা বলেন, ‘গত পাঁচ বছরে ওয়ার্ডের অনেক উন্নয়ন করা হয়েছে। এরপরও সিটি করপোরেশনের মেয়র নিয়ে জটিলতা থাকায় কাজে নানাভাবে ব্যাঘাত ঘটেছে। আশা করছি, আগামী দিনে ওয়ার্ডের আঞ্চলিক সড়কগুলো মেরামত করা হবে। এ ছাড়া চিকৎসাকেন্দ্র, কবরস্থানসহ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।’