
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলেধরা সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবকের নাম সামচেল মোল্লা (৩৭)। তিনি ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের বারেক মোল্লার ছেলে। পুলিশের ধারণা, সামচেল মোল্লা মানসিক প্রতিবন্ধী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গার পুখুরিয়ার নাজিরপুর এলাকার খাইরুল মীর নামের এক ব্যক্তির আট বছর বয়সী ছেলে রিতাজ মীরের হাত ধরে গতকাল রোববার সন্ধ্যায় পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় টানাটানি করেন সামচেল মোল্লা। এ সময় ছেলেটির সঙ্গে থাকা তার ভাইসহ অন্যরা ‘ছেলেধরা’ বলে চিৎকার করেন। তখন সামচেল দৌড়ে পালানোর চেষ্টা করেন। তিনি দৌড়ে পালানোর সময় এলাকাবাসী ও পথচারী তাঁকে পুখুরিয়া সেতুর ওপর ধরে পিটুনি দেন। এতে গুরুতর আহত হন সামচেল। স্থানীয় লোকজন সামচেলকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সামচেল মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি শিশুটির হাত ধরে টানাহেঁচড়া করেন। তখন শিশুটি কেঁদে ওঠে। এ সময় শিশুটির সঙ্গে থাকা তার ভাইসহ কয়েকজন ‘ছেলেধরা’ বলে চিৎকার দিলে লোকজন এসে পিটুনি দেন। তিনি আরও বলেন, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।