
পেশায় রাজমিস্ত্রি হলেও এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তে নিজেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেন এক যুবক। সম্পর্কের এক পর্যায়ে সন্দেহ হলে ওই নারী যুবকের পুলিশে চাকরির প্রমাণ চান। পরে ভুয়া পরিচয়পত্র বানাতে এসে পুলিশের হাতে আটক হন যুবক। আজ মঙ্গলবার দুপুরে রংপুর নগরের প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটেছে।
আটক মোস্তাফিজুর রহমান (২৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুমাইল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নগরের প্রেসক্লাব মার্কেটের নিচতলায় আরটি প্রেস নামে একটি দোকানে যান মোস্তাফিজুর রহমান। তিনি দোকানদারকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে জানান, তাঁর আসল পরিচয়পত্রটি হারিয়ে গেছে, নতুন করে প্রিন্ট করতে হবে। দোকানমালিক আসল পরিচয়পত্রের ফটোকপি দেখতে চাইলে তা দিতে না পারায় তাঁর সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি দোকানমালিক সমিতিকে জানান। সমিতির নেতারা এসে জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজুর স্বীকার করেন, তিনি ভুয়া পরিচয়পত্র তৈরি করতে এসেছেন। এরপর খবর দেওয়া হলে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। তাঁকে রংপুর মহানগরের কোতোয়ালি থানায় নেওয়া হয়।
এ সময় আটক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি পুলিশের আইডি কার্ড বানানোর জন্য আসছি। আমি একটি মেয়েকে ভালোবাসি, রিলেশন করি। তাকে দেখানোর জন্য আইডি কার্ড বানাতে আসছিলাম। তাকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি পুলিশে চাকরি করি। প্রমাণের জন্য সে আইডি কার্ড দেখতে চেয়েছে। এ জন্য এআই দিয়ে আইডি কার্ড তৈরি করে হোয়াটসঅ্যাপে দোকানদারকে দিয়েছি যে আইডি কার্ড বের করে দেন।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান প্রথম আলোকে বলেন, অভিযুক্ত যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বাবাও এসেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।