
রাজশাহী নগরীর হেতেম খাঁ গোরস্থানসংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অনন্ত (৬) ও নির্ঝর (৯) সম্পর্কে খালাতো ভাই। অন্তর নগরের বোয়ালিয়া থানার হেতেম খাঁ ছোট মসজিদ এলাকার গোবিন্দর ছেলে এবং নির্ঝর একই এলাকার নিরেনের ছেলে।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন প্রথম আলোকে বলেন, হেতেম খাঁ কবরস্থান পুকুরে বেলা সাড়ে ১১টার দিকে গোসল করতে যায় অনন্ত ও নির্ঝর। পুকুরে নামার এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি সোহরাওয়ার্দী হোসেন আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।