
দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা আড়াইটায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে এম আবদুর রহিম মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম শৈলেন চন্দ্র রায় (৪০)। তিনি দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের শিবডাঙ্গা গ্রামের বিদেশী চন্দ্রের ছেলে। পেশায় তিনি একজন কৃষিশ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শশরা ইউনিয়নের চুনিয়াপাড়া থেকে শৈলেনসহ তিনজন মোটরসাইকেলযোগে শহরের দিকে আসছিলেন। শৈলেন মোটরসাইকেলে সবার পেছনে বসা ছিলেন। মেডিকেল কলেজর প্রধান ফটকের সামনে একটি গতিরোধক ছিল। মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় গতিরোধকটি পার হওয়ার সময় মোটরসাইকেলটি লাফিয়ে উঠলে রাস্তায় ছিটকে পড়েন শৈলেন চন্দ্র। এ সময় পেছন থেকে আসা ট্রাকের চাকার নিচে পড়ে যান। পরে ট্রাকের পেছন চাকায় মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
নিহত শৈলেন চন্দ্রের প্রতিবেশী আবদুস সালাম জানান, মোটরসাইকেলে চালকের আসনে ছিলেন চঞ্চল চন্দ্র রায়। সম্পর্কে তিনি নিহত শৈলেনের চাচা। কয়েক দিন আগে চঞ্চল চন্দ্রের মা মারা যান। চাচা-ভাতিজাসহ অন্য আরেকজন শ্রাদ্ধের অনুষ্ঠানের দাওয়াত দিতে আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন তাঁরা।
দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের লাশ তাঁর স্বজনেরা নিয়ে গেছেন। ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী সময়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’