শ্রীপুরে চাষির ঘেরে ধরা পড়া সেই ‘অচেনা মাছ’ মারা গেছে

গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের গোলাঘাট এলাকার খামারে ধরা পড়েছে এই বিচিত্র মাছ
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গোলাঘাট এলাকায় মাছের ঘেরে ধরা পড়া ‘অচেনা মাছটি’ গতকাল রোববার রাতে মারা গেছে। মৃত মাছটি বিশেষভাবে সংরক্ষণ করে রেখেছেন ঘেরমালিক মো. আবু তালেব। গবেষণার জন্য কেউ চাইলে তিনি মাছটি দিয়ে দিতে চান।

গতকাল সকালে গাজীপুরের গোলাঘাট গ্রামের মো. আবু তালেবের মালিকানাধীন মাছের ঘের থেকে মাছটি জালে ধরা পড়ে। এটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। এলাকায় অভিজ্ঞ জেলে থেকে শুরু করে বৃদ্ধরাও এ মাছ দেখে চিনতে পারেননি। স্থানীয় লোকজন জানান, ঘের খনন করার জন্য পানি সেচে ফেলা হচ্ছে। অল্প পানিতে সব মাছ ধরতে জাল ফেলা হয়। জাল টেনে পাড়ে তুলতেই অন্য মাছের সঙ্গে উঠে আসে অদ্ভুত এই মাছ।

ঘেরমালিক মো. আবু তালেব আজ সোমবার সকালে প্রথম আলোকে জানান, মাছ ধরা পড়ার খবর প্রকাশ হওয়ার পর প্রচুর মানুষ এটি দেখতে এসেছে। অনেক গণমাধ্যমকর্মীরা এসেছেন। তিনি আরও বলেন, ‘মাছটি এলাকায় কেউ এর আগে দেখেনি। ফলে, বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভেবেছিলাম, প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া মাছের প্রজাতি হলে সেটা গবেষণার জন্য কারও প্রয়োজন হতে পারে। তাই খুব যত্ন করে রেখেছিলাম। কিন্তু গত রাত নয়টার দিকে এটি মারা যায়।’

মাছটি পানিতে জিইয়ে রেখে সংরক্ষণ করতে চেয়েছিলেন ঘেরমালিক আবু তালেব

মাছটির ছবি দেখিয়ে পরিচয় জানতে চাওয়া হলে কাপাসিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফ উল্লাহ প্রথম আলোকে বলেছিলেন, এটি গবি মাছ বলে মনে হচ্ছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বেশ কিছু দেশে এ মাছ পাওয়া যায়। এটা ২৫ থেকে ২৬ ইঞ্চি লম্বা হয়।

মাছের ছবি দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান প্রথম আলোকে বলেছিলেন, দেখে মনে হচ্ছে, এটি বেলে গোত্রের কোনো মাছ হতে পারে।

ঘেরমালিক মো. আবু তালেব  বলেন, ‘মাছটি গবেষণার জন্য কারও দরকার হলে আমি দিয়ে দেব। মৃত মাছটি বিশেষভাবে সংরক্ষণ করে রেখেছি। যদি আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া কোনো প্রজাতির মাছ হয়ে থাকে, তাহলে এটাকে প্রকৃতিতে ফেরাতে মাছটির দরকার হতে পারে।’