নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ব্যাখ্যা তলব করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
সোমবার দুপুরে নওগাঁ-১ আসনের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের সহকারী জজ ইফতেখার শাহরিয়ার এ চিঠি পাঠান।
১৭ ডিসেম্বর বিকেলে নির্বাচনী তদন্ত কমিটি নওগাঁ-১-এর অস্থায়ী কার্যালয় নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে সশরীর উপস্থিত হয়ে তাঁকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ৪ ডিসেম্বর বেলা তিনটার দিকে পোরশা উপজেলার সারাইগাছি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করেন। এ বিষয়ে মো. খালেকুজ্জামান নামের এক ব্যক্তি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটির অভিযোগকারীর সাক্ষ্য গ্রহণ করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁকে সশরীর আদালতে গিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচার চালানোর সুযোগ নেই।
সোমবার বিকেল পাঁচটার দিকে সাধন চন্দ্র মজুমদার নির্বাচনী অনুসন্ধান কমিটির কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির আবুল কালাম আজাদ।
নওগাঁ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, ‘৪ ডিসেম্বর পোরশার সারাইগাছিতে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করার অভিযোগ নিয়ে আসেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে আমিই নির্বাচনী অনুসন্ধান কমিটির নম্বর ও ঠিকানা দিয়েছিলাম। প্রতীক বরাদ্দের আগপর্যন্ত নির্বাচনী অনুসন্ধান কমিটিই আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রতীক বরাদ্দের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।’