ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় শুক্রবার সকালেও যানবাহনের চাপ ও দীর্ঘ সারি ছিল। তবে দুপুরের পর থেকে ওই সব এলাকা ফাঁকা হয়ে গেছে। কোথাও যানজট না থাকলেও বিভিন্ন বাসস্ট্যান্ডে যানবাহনে ওঠার অপেক্ষায় ঘরমুখী মানুষের ভিড় রয়েছে।
চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করি। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই এলাকায় বসবাস করি। ঈদের ছুটি হয়েছে বৃহস্পতিবার। কিন্তু সেদিন যানজট থাকায় বাসা থেকে বের হইনি, তাই শুক্রবার সকাল সাড়ে সাতটায় চন্দ্রা এলাকায় আসি, যাব রংপুরের পীরগঞ্জে। কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, তাই অপেক্ষা করছি।’
বাসের অপেক্ষায় ফুটপাতে বসে আছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘বাসে অনেক বেশি ভাড়া চাইছে, তাই একটি ট্রাক পেয়েছি, ওই ট্রাকে উঠে এখন রওনা হব।’ পরে তিনি দৌড়ে একটি ট্রাকে লাফিয়ে উঠে পড়েন।
সাখাওয়াত হোসেন ও আমিরুল ইসলামের মতো শত শত ঘরমুখী মানুষ তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপন করার জন্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের জন্য অপেক্ষায় আছেন।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত চন্দ্রা এলাকায় যানবাহনের ব্যাপক চাপ ছিল। নয়টার পর থেকে যানবাহনের চাপ কমতে থাকবে। বেলা দুইটার পর থেকে মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় কোনো যানজট নেই। স্বাভাবিক সময়ের চেয়েও মহাসড়ক এখন ফাঁকা। তবে এখনো পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তাদের দায়িত্ব পালন করছে। আগের বছরের তুলনায় এবার ঘরমুখী মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে গ্রামে ফিরতে পেরেছে বলে মনে করছি।’
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, ‘গাজীপুর মহানগর এলাকা (জিএমপি) বিদ্যমান সড়ক ও মহাসড়ক ময়মনসিংহ বিভাগের প্রবেশদ্বার। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার গণপরিবহন ও পণ্যবাহী যান গাজীপুর দিয়ে চলাচল করে। গাজীপুর অন্যান্য জেলার কর্মজীবী লোকের আবাসস্থল। এসব কারণে ঈদের সময় জিএমপি ট্রাফিক এরিয়া বাংলাদেশের অন্যতম ব্যস্ত এলাকায় পরিণত হয়। এতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে জিএমপি এরিয়ায় যানজট সহনীয় পর্যায় ও সড়ক-মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখাই ট্রাফিক বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ঈদে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের কোথাও কোনো যানজট নেই। একেবারেই ফাঁকা রয়েছে।’