ট্রেন
ট্রেন

ফেনীতে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু, জানা গেল না পরিচয়

ফেনীতে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাতপরিচয় এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর মারা গেছেন। গতকাল রোববার রাতে তাঁর মৃত্যু হয়। ৯ জুলাই দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলস্টেশনের অদূরে দেওয়ানগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তখন থেকেই ওই যুবক সংজ্ঞাহীন অবস্থায় ফেনী সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর নাম–ঠিকানা বা পরিচয় জানা সম্ভব হয়নি।

ফেনী রেলস্টেশন জিআরপি পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, গত মঙ্গলবার বেলা প্রায় একটার সময় চট্টগ্রাম থেকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ওই যুবক রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি। এতে তিনি মাথাসহ শরীরের একাধিক স্থানে আঘাত পান। দুই হাত ভেঙে যায়। প্রচণ্ড আঘাতে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় রেল পুলিশের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ছয় দিনেও তাঁর জ্ঞান ফিরে আসেনি। অবশেষে মৃত্যু হয় তাঁর।

ফেনী রেলস্টেশন জিআরপি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি হাসপাতালে ছয় দিন অচেতন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁর আঙুলের ছাপ নিয়েও পরিচয় নিশ্চিত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।