নীলফামারীর কিশোরগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ফাহিম হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে জলঢাকা-রংপুর সড়কের উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের উত্তর গাড়াগ্রাম মাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি জলঢাকা-রংপুর সড়কের গাড়াগ্রাম ইউনিয়নের উত্তর গাড়াগ্রাম মাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু ফাহিমকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, অ্যাম্বুলেন্সসহ চালককে আটক করা হয়েছে। শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।