কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কক্সবাজার শহরের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম রাইয়ান নূর আবি সামিম (১৪)। সে কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আর শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার পর সামিমসহ সাত–আট কিশোর শৈবাল পয়েন্টে গোসলে নেমেছিল। এ সময় স্রোতের টানে সামিমসহ তিনজন ভেসে যায়। সেখানে থাকা মাছের পোনা আহরণকারীসহ স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক সামিমকে মৃত ঘোষণা করেন।
পর্যটন পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ প্রথম আলোকে বলেন, সৈকতের নজরদারি কম থাকা পয়েন্টে এ ঘটনা ঘটেছে। স্কুলছাত্রের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারে সাগরে গোসলে নেমে মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছর এখন পর্যন্ত এ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ চলতি ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর সাগরে নেমে নিখোঁজ হয়েছিলেন। এর মধ্যে দুই শিক্ষার্থীর লাশ সৈকতে ভেসে আসে। আজ বুধবার পর্যন্ত আরেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।