চট্টগ্রাম আদালত ভবন
চট্টগ্রাম আদালত ভবন

চট্টগ্রামে জামিন পেলেন ১৬ এইচএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ, নিহতের ঘটনার মামলায় গ্রেপ্তার ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিনে হয়েছে। শুক্রবার চট্টগ্রাম আদালতে তাঁদের জামিন মঞ্জুর হয়। এর মধ্যে নগরের ১৩ ও জেলার ৩ জন রয়েছেন।

জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন রবিউল হাসনাত, রকিবুল আলম, তাহের শাহ, শাহরিয়া হোসেন, ফয়সাল মাহমুদ, অজয় চৌধুরী, আবদুল জব্বার, আরাফাত রহমান, মো. মাহিম, কামরুল হাসনাত, মোবারক হোসেন, আবদুল্লাহ বিন আইয়ুব, ইসরাফুল আখতার, আবদুল্লাহ মো. তাহিব, মনিরুল ইসলাম ও মো. রেজাউল আজিম। নগরের বাকলিয়া, পাঁচলাইশ, চান্দগাঁও, কোতোয়ালি, বাঁশখালী, রাউজান ও লোহাগাড়া থানার মামলায় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির রাতে প্রথম আলোকে বলেন, নগরের বিভিন্ন থানায় গ্রেপ্তার ১৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের আবেদন করা হয়। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ শুনানি শেষে তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। এরপর তাঁদের জামিননামা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, জেলার বিভিন্ন থানায় গ্রেপ্তার তিনজন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের আবেদন করা হয়। শুক্রবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মো. সহিদুল ইসলাম শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, কারাগারে ১৬ এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন। শুক্রবার তাঁদের জামিন হয়েছে। আদালত থেকে জামিননামা আসার পর পর্যায়ক্রমে সবাইকে মুক্তি দেওয়া হচ্ছে।