রায়পুরায় জোড়া খুনের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

রায়পুরায় জোড়া খুনের ঘটনায় কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার মো. রহমত উল্লাহ ও সাইফুল ইসলাম
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় নির্জন কলাবাগানে জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ রোববার ভোরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. রহমত উল্লাহ (৩২) ও মো. সাইফুল ইসলাম ওরফে ভুট্টো (১৮)। এর আগে একই এলাকার মিল্লাত হোসেন ওরফে বাইজিদ (১৮) ও কান্দাপাড়া এলাকার কাউসার মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছিল পুলিশ।

গত সোমবার দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলাবাগান থেকে দ্বীন ইসলাম (৩৪) ও আলী হোসেন (৪২) নামের দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় এক কৃষক ওই বাগানের সামনে দিয়ে যাওয়ার সময় ওই দুই ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল পেয়ে বেলা দেড়টার দিকে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরের দিন মঙ্গলবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রায়পুরা থানায় মামলা করেন নিহত আলী হোসেনের স্ত্রী রেনু বেগম।

নিহত দ্বীন ইসলাম শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের পাহাড়ফুলদী গ্রামের আবদুল মান্নানের ছেলে। অন্যদিকে আলী হোসেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আলাউদ্দীনের ছেলে। দুজনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যার পর লাশ কলাবাগানে ফেলে রেখেছিল দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, জোড়া খুনের ঘটনায় করা মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছিল। প্রথমে বাইজিদ ও কাউসার নামের দুজনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে দেওয়া তথ্যমতে, হত্যাকাণ্ডে মোট ছয়জন অংশ নেন। বাকি চার আসামির নাম-পরিচয় জেনে গোয়েন্দা তৎপরতা চালায় পুলিশ। তাঁদের মধ্যে দুজন কিশোরগঞ্জের কুলিয়ারচরে আত্মগোপনে ছিলেন। প্রযুক্তির সহায়তায় আজ ভোরে কুলিয়ারচরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার রহমত ও সাইফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ওসি মোহাম্মদ আবুল বাসার প্রথম আলোকে বলেন, জুয়ার টাকা লেনদেনে বিরোধ ও নারী ঘটিত বিষয়ের জেরে ছয় আসামি দ্বীন ইসলাম ও আলী হোসেন নামের ওই দুজনকে কুপিয়ে হত্যা করেন। আজ গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। জোড়া খুনের ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হয়েছেন। পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।