
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাম তেলবাহী একটি ট্যাংকারের জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দরের টাগবোট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। বেলা সাড়ে ১১টার মধ্যে জেনারেটরের আগুন নিয়ন্ত্রণে আসে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এক বিজ্ঞপ্তিতে জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর কোস্টগার্ডের অগ্নিনির্বাপণকারী ও উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ শুরু করে।
বন্দরের তথ্য অনুযায়ী, এমটি মেঘনা ট্রেডার নামের ট্যাংকারটি ইন্দোনেশিয়া থেকে সাড়ে ১১ হাজার টন পাম তেল নিয়ে ২৬ মে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এর মধ্যে অর্ধেকের বেশি পাম তেল খালাস হয়েছে। অগ্নিকাণ্ডের পরপরই ট্যাংকারটির জেনারেটর কক্ষ থেকে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।