রায়পুরায় পুকুরে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ দশম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর গ্রামের এক পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া স্কুলছাত্রের নাম মো. ইমন মিয়া (১৬)। সে রাধাগঞ্জ ইউনিয়নের সাহেরচর গ্রামের আরিফ মিয়ার ছেলে। ইমন সাহেরচর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, গতকাল বেলা দুইটার দিকে তিন থেকে চারজন বন্ধুর সঙ্গে স্থানীয় মাজারসংলগ্ন পুকুরে গোসল করতে নামে ইমন। একপর্যায়ে বন্ধুরা সবাই পাড়ে উঠে এলেও ইমন উঠে আসছিল না। সাঁতার না জানার কারণে সে পুকুরের পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয় লোকজন পুকুরে নেমে তাকে খোঁজাখুঁজি করেন। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে টঙ্গীর ডুবুরি দলকে তলব করেন। সন্ধ্যার দিকে ওই পুকুর থেকে ইমনের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন মাছ ধরার জাল নিয়ে পুকুরে নেমেছিলেন। পরে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। সাঁতার না জেনে পুকুরে নেমেছিল, তাই এমন মৃত্যুর ঘটনা ঘটল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, পুকুরে ডুবে মারা যাওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এই দুর্ঘটনার একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।