গুলি
গুলি

নোয়াখালীতে অটোরিকশার চালককে তুলে নিয়ে পায়ে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক সিএনজিচালিত অটোরিকশার চালককে তুলে নিয়ে পায়ে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালকের নাম রাব্বি হোসেন ওরফে রাকিব (২২)। তিনি আলাইয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে। রাব্বির অভিযোগ, তাঁর ইউনিয়নের চার তরুণ তাঁর কাছে এক লাখ টাকার চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না পেয়ে রাব্বিকে তুলে নিয়ে পায়ে গুলি করেন তাঁরা। ঘটনার পর রাব্বি কৌশলে সেখান থেকে পালিয়ে এসেছেন। বর্তমানে তিনি নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রাব্বি হোসেন প্রথম আলোকে বলেন, রাতে চন্দ্রগঞ্জ পূর্ববাজার থেকে বাজার করে ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। অটোরিকশাটি নিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় পৌঁছালে চার তরুণ তাঁর অটোরিকশার গতি রোধ করেন। পরে রাব্বিকে নির্জন জায়গায় নিয়ে যান। এ সময় তাঁরা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রাব্বির কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ডান পায়ের হাঁটুর পাশে তাঁকে গুলি করা হয়। একপর্যায়ে তিনি পাশের ডোবায় লাফ দিয়ে পালিয়ে যান।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। রাতভর অভিযান চালিয়েও অভিযুক্ত ব্যক্তিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।