
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে সব্যসাচী সোম দাশ (২৯) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে। বিকেল চারটার দিকে নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী নিখোঁজ আছেন।
মৃত সব্যসাচী সোম দাশ রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকার সরোজ কুমার দাশের ছেলে। নিখোঁজ শিক্ষার্থীর নাম নুরুল হক (২৫)। তিনি রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকার শরিফুল হকের ছেলে। তাঁরা রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ট্রলারে করে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে পদ্মার চরে ঘুরতে যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ও তাঁদের গাড়িচালক। ট্রলার চালকসহ ওই চারজন পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় স্রোতের তোড়ে দুজন পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিকেল চারটার দিকে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বেঁচে ফেরা শিক্ষার্থী সুমন দাশ নিহত সব্যসাচীর ভগ্নিপতি ছিলেন। তিনি বলেন, ‘অনেক দিন ধরে আমাদের পরিকল্পনা ছিল মাওয়ায় ঘুরতে যাওয়ার। আজ সকালে সব্যসাচী ও তাঁর দুই বন্ধু নুরুল হক ও ইমরানকে সঙ্গে করে ব্যক্তিগত গাড়িতে তাঁরা মাওয়ায় যান। বেলা ১১টার দিকে ট্রলারে করে গাড়িচালকসহ তাঁরা চারজন ১৬ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় যান। সেখানে পানির গভীরতা কম ছিল। গরমের কারণে ট্রলারের চালক পদ্মায় গোসল করতে নামেন। তাঁকে দেখে প্রথমে নুরুল হক ও সব্যসাচী এবং পরে ট্রলারের সবাই গোসল করতে নামেন। গোসল করতে করতে তাঁরা ১৬ নম্বর পিলারের দিকে যাচ্ছিলেন। প্রথমে কোমর সমান পানি থাকলেও পিলারের কাছাকাছি যেতেই হঠাৎ পানির গভীরতা বেড়ে যায়। আমরা সবাই পানিতে ডুবে যাচ্ছিলাম। সেখান থেকে কোনোমতে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও সব্যসাচী ও নুরুল হক পানিতে ডুবে যান।’
সুমন দাশ আরও বলেন, ‘চোখের সামনে দুজন মানুষ পানিতে ডুবে গেল। তাঁদের বাঁচাতে কত চিৎকার করলাম। আশপাশে অনেক মানুষ ছিলেন। অনেক ট্রলারচালক ছিলেন। কেউ আমাদের বাঁচাতে এগিয়ে আসেননি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তাঁদের উদ্ধারের কথা জানাই।’ তিনি বলেন, পদ্মায় বেড়াতে এলে কেউ যেন তাঁদের মতো হঠাৎ পানিতে না নামেন। নামলেও যেন সতর্ক থাকেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা মাওয়ায় গিয়ে উদ্ধারকাজ শুরু করি। বিকেল চারটার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অন্য শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।