
রংপুরের পীরগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত একটি ভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই প্রাণ যায় তাঁদের। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে ভ্যানচালক মোখলেছার রহমান (৫০) পীরগঞ্জ উপজেলার মহাদীপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। ভ্যানের নিহত যাত্রী রেজওয়ান ইসলাম (১৬) একই উপজেলার কিশোরগাড়ী গ্রামের আলম মিয়ার ছেলে। আহত হয়েছেন রেজভিন আক্তার (২০) নামের এক তরুণী। তিনি সম্পর্কে রেজওয়ানের চাচাতো বোন। তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রেজওয়ান ও রেজভিন ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।
পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে থানা–পুলিশ জানায়, পীরগঞ্জের জামতলা এলাকায় ভ্যানটি ইউটার্ন করে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা রংপুরগামী মহানগর নামে যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে বড়দরগা হাইওয়ে পুলিশ।
বড়দরগা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও সহযোগী পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোলাইমান আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। বাসের চালক ও সহযোগী পলাতক। মামলার প্রস্তুতি চলছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত না করে মরদেহ নিহত ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।