
ফেনী-২ (সদর) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন যাচ্ছেননির্বাচনী এলাকায়। হাটবাজার, অলিগলিসহ প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, গতকাল রোববার সকাল ৯টায় মঞ্জু বাড়ি থেকে বেরিয়ে নিজ নির্বাচনী কার্যালয় খাজুরিয়া এলাকায় যান। সেখান থেকে তাঁর গাড়িবহর সদর উপজেলার লেমুয়া এলাকায় জনসংযোগ শুরু করে। সকাল থেকে দুপুর পর্যন্ত মঞ্জু সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের চারটি স্থানে গণসংযোগ করেন। উত্তর চাঁদপুর, মধ্যম চাঁদপুর, কসকা বাজার, লেমুয়া বাজারে প্রচার চালিয়ে দুপুরে ওই বাজারে পথসভায় হ্যান্ড মাইকে বক্তব্যও দেন।
এ সময় প্রতিটি স্থানে গ্রামবাসী তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনি বিভিন্ন স্থানে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। দুপুরে তিনিতাঁর নিজ ইউনিয়নে একটি জানাজায় অংশ নেন। বিকেলে ফেনী পৌরসভার কয়েকটি এলাকায় জনসংযোগ করেন।
জনসংযোগের সময় মঞ্জু বলেন, ‘১১-দলীয় জোট দুর্নীতি, নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে কাজ করবে। এ তিনটি কাজে আমরা ভালো করতে পারব। প্রয়োজনে আমাদের প্রতিদ্বন্দ্বী যাঁরা আছেন, তাঁদের ওপেন চ্যালেঞ্জ দেব।’
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বী যাঁরা আছেন, তাঁদের প্রার্থীদের অর্ধেকেই ঋণখেলাপি। ব্যাংক তাঁদের টাকা দিয়েছে ব্যবসা করার জন্য। আর তাঁরা টাকা মেরে দিয়েছেন। যাঁরা ব্যাংকের টাকা মেরে দিয়েছেন, তাঁরা তো দেশের খারাপ করবেন।’
লেমুয়া ইউনিয়ন হাফেজিয়া গ্রামের ৫০ বছর বয়সী মোহাম্মদ সবুজ বলেন, অতীতে ফেনী সদর এলাকায় তেমন উন্নয়ন হয়নি। ভবিষ্যতে যাঁরা ক্ষমতায় আসবেন, তাঁরা যেন উন্নয়ন করেন। কসকা বাজারের ষাটোর্ধ্ব আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফেনী সদরে ভোটে তেমন কোনো আমেজ নেই। কোথাও পোস্টার, ব্যানার-ফেস্টুন তেমন চোখে পড়ছে না।’
ফেনী-২ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৩২ হাজার ৫৬ জন। এই আসনে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৬ ও ভোটকক্ষ রয়েছে ৭৯৭টি।