
বৈশাখের খরতাপ আর প্রচণ্ড দাবদাহে পুড়ছে দেশ। প্রাকৃতিক পানীয় হিসেবে এই সময়ে চাহিদা বাড়ে ডাবের। তবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে ডাবের দাম। দেশের অন্যতম নারকেল ও ডাব উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত বাগেরহাটের খুচরা বাজারেই একটি মাঝারি আকারের ডাব বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
বিক্রেতারা বলছেন, প্রচণ্ড গরমে অনেকেই ডাব খেতে চাইছেন, বিশেষ করে ইফতারে। তবে বাজারে চাহিদার তুলনায় ডাবের সরবরাহ কম। এতেই বেড়েছে দাম। তবে ক্রেতাদের অভিযোগ, খুচরা বিক্রেতারা সুযোগ বুঝে ডাবের দাম বেশি রাখছেন।
গতকাল বুধবার বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড়, শিশু হাসপাতাল মোড় ও বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতিটি ডাব আকার ভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকায়। এ সময় দেখা যায়, বেশি দামের কারণে অনেক ক্রেতাই ফিরে যাচ্ছেন ডাব না কিনেই।
শহরের মিঠাপুকুরপাড় এলাকার ডাব বিক্রেতা সাইদুল ইসলাম বলেন, ‘রোজার শুরু থেকেই ডাবের এমন দাম। আমরা গাছে উঠে ডাব পেড়ে এনে বিক্রি করি। একটি ডাবের জন্য ৫০ টাকার ওপরে গাছের মালিককেই দিতে হয়। সব খরচ দিয়ে তাই এর নিচে বিক্রি করা যায় না।’
শহরের মুনিগঞ্জ এলাকার বাসিন্দা আলী আকবর বলেন, ‘একটা মাঝারি আকারের ডাবের দাম ১০০ টাকা। এতে হয়তো দেড় গ্লাস পানি হবে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ইচ্ছা থাকলেও তো এখন ডাব কিনে খাওয়া কঠিন।’
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বছরের প্রায় সাড়ে ২৯ হাজার টন নারকেল ও ডাব উৎপাদন হয় বাগেরহাটে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডাব-নারকেল যায় এই জেলা থেকে।
কচুয়া উপজেলার ফতেপুর বাজার এলাকায় পাঁচ বছরের বেশি সময় ধরে ডাবের ব্যবসা করেন আল-আমিন শেখ। তাঁর আড়ত থেকে নিয়মিত ডাব যায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। তিনি বলেন, ‘গাছে আগের মতো ডাব নেই। গত বছর এমন সময় আমার আড়ত থেকে প্রতিদিন দুই ট্রাক (১০ হাজার) ডাব যেত ঢাকা, বগুড়াসহ বিভিন্ন এলাকায়। বর্তমানে দিনে দুই হাজার ডাবও পাই না। ছোট-বড় গড়ে সব ডাব এখন আড়তে ৫০ টাকায় কেনা হয়। এখন পরিবহন খরচও অনেক বেশি। আমাদের এখান থেকে বিভিন্ন জেলার পাইকারি আড়তে যায় এই ডাব। এরপর একেক এলাকায় নিয়ে খুচরা বিক্রেতারা ১০০ থেকে ১৬০ টাকা করে বিক্রি করেন এই ডাব।
আল-আমিন আরও বলেন, বৃষ্টি না হওয়ায় এবার ডাবের মুচি গাছে দাঁড়াচ্ছে না। ফলে ফলন বেশ কম। আড়তেই গত বছরের তুলনায় প্রতিটি ডাবের দাম ১৫ থেকে ১৮ টাকা বেড়েছে।
বাগেরহাটে শতাধিক আড়ত থেকে ডাব যায় দেশের বিভিন্ন প্রান্তে। এ ছাড়া চাহিদা বাড়ায় যাত্রীবাহী পরিবহনে করেও ছোট ছোট ব্যবসায়ীরা এখন ডাব নিয়ে যাচ্ছেন ঢাকায়।
তবে ডাবের উৎপাদন কমেনি বলে দাবি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, বছরে জেলায় ২৭১ কোটি ৫৬ লাখ টাকার ডাব ও নারকেল বিক্রি হয়। আবহাওয়ার কারণে ডাবের ফলনে এখনো তেমন কোনো প্রভাব পড়েনি। দুই বছর আগের চেয়ে জেলায় ডাবের উৎপাদন কিছুটা বেড়েছে। তবে জেলা ও জেলার বাইরে চাহিদা বাড়ায় অনেকেই এখন ডাবের ব্যবসায় যুক্ত হয়েছেন। এতে আড়তে সরবরাহ কিছুটা কমেছে।