রাজশাহী সিটি নির্বাচন

‘গরিব মানুষকে খাওয়াচ্ছি, উপকার করছি’

নিজ কর্মীদের রাতের খাবার খাওয়াচ্ছেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাসেল জামান। গত শুক্রবার রাজশাহী নগরের দরগাপাড়া এলাকায়
 ছবি: প্রথম আলো

‘গরিব মানুষকে খাওয়াচ্ছি। উপকার করছি। একটা সুযোগ এসেছে খাওয়াচ্ছি। সবাইকে খাওয়াতে বলেন। এতে ২০ দিন হোক আর ১০ দিন হোক গরিব মানুষ খেতে পাবে। আমার জানামতে, এতে আচরণবিধি ভঙ্গ হচ্ছে না। কেউ অভিযোগ করে থাকলে প্রতিহিংসামূলকভাবে করেছে।’

রাজশাহী নগরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও এবারের কাউন্সিলর প্রার্থী রাসেল জামান এমন দাবি করেন। তিনি রোজ রাতে তাঁর ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে ভোটারদের জন্য ভোজের আয়োজন করেন। রাত ৯টা থেকে ১০টার মধ্যে নগরের দরগাপাড়া এলাকার ক্যাম্পে এই খাবার দেওয়া হয়। নির্বাচনী ক্যাম্পের সামনে মানুষ চেয়ারে বসেও খান। অনেকেই খাবারের প্যাকেট নিয়ে চলে যান।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন বলেন, এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এর দ্বারা ভোটাররা প্রভাবিত হচ্ছেন। এটা করা যাবে না। এ বিষয়ে কেউ তাঁদের কাছে অভিযোগ করেনি। এগুলো দেখার জন্য ম্যাজিস্ট্রেট রয়েছেন। জানতে পারলে তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। তিনি বলেন, আজ রোববার রাতেই তাঁরা যাবেন। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রার্থী রাসেল জামানের দাবি, এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোনো কারণ হতে পারে না। গত নির্বাচনের সময় তিনি ২১ দিন ধরে মানুষকে খাবার দিয়েছেন। কেউ আপত্তি করেননি। এবার সাত দিন থেকে তিনি মানুষকে খাওয়াচ্ছেন। তাঁর কর্মী ও ভোটার সবাই এসে খেয়ে যাচ্ছেন। এমনকি তাঁর বিপক্ষের মানুষও এসে খেয়ে যাচ্ছেন। তা দেখতে পাচ্ছেন কিন্তু তাতে তাঁর কোনো মানা নেই। সবাই খাচ্ছেন। তিনি এই প্রতিবেদককেও খাওয়ার জন্য দাওয়াত করেন। তিনি বলেন, এসে দেখে যান গরিব মানুষ কীভাবে খাওয়ার সুযোগ পাচ্ছেন।

নির্বাচন ছাড়া তো অন্য সময় এভাবে খেতে দেওয়া হয় না। এ প্রসঙ্গে প্রার্থী রাসেল জামান বলেন, ‘একটা সুযোগ এসেছে, খাওয়াচ্ছেন। রমজান মাসেও মানুষকে খাওয়ান। এখন নির্বাচন উপলক্ষে খাওয়াচ্ছেন। আপনারা অন্য সব প্রার্থীকে খাওয়াতে বলেন, তাতে গরিব মানুষের উপকার হবে। তাঁর হিসাবমতে, প্রতিদিন চার শ থেকে পাঁচ শ নারী ভোটাররা এসে খেয়ে যাচ্ছেন। এতে ওই সব মানুষের উপকার হচ্ছে।’

গত শুক্রবার রাত ১০টার দিকে নগরের দরগাপাড়া এলাকায় অবস্থিত রাসেল জামানের নির্বাচনী ক্যাম্পে গিয়ে দেখা যায়, ক্যাম্পের পাশের রাস্তায় চেয়ার বিছানো রয়েছে। সেখানে প্রায় ৭০ জন মানুষ বসে খাওয়াদাওয়া করছেন। আর অনেক মানুষ খাবারের প্যাকেট নিয়ে চলে যাচ্ছেন।  

জানতে চাইলে একজন বলেন, তাঁরা সবাই নির্বাচনী কর্মী। সারা দিন নির্বাচনী প্রচারের কাজ করেছেন। রাতে খাওয়াদাওয়া করছেন। রোজই এই খাবারের আয়োজন করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক-সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রথম আলোকে বলেন, আচরণবিধিতে পরিষ্কারভাবে বলা আছে ভোটারদের ‘ক্যাশ/কাইন্ড’ কিছু দেওয়া যাবে না। এর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। আর এ ছাড়া যেভাবে তিনি খাওয়াচ্ছেন, তাতে একজন কাউন্সিলর প্রার্থীর খরচের যে সিলিং আছে, তাতে কুলাবে না।