বালু ব্যবসায়ীদের উসকানিতে সহকারী কমিশনার ও পুলিশের গাড়িতে হামলা, আটক ৮

টাঙ্গাইল জেলার মানচিত্র
টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ধলেশ্বরী নদী খনন প্রকল্পের উত্তোলন করা বালু পরিমাপ করতে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশের গাড়ি এবং এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু চার লেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

সোমবার দুপুরে বালু ব্যবসায়ীদের উসকানিতে স্থানীয় বাসিন্দারা এ হামলা চালান। এ ঘটনায় পরে ওই এলাকা থেকে আটজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন আমিনুর, আজিম, মিন্টু মিয়া, রাজ্জাক খান, মান্নান, সাইফুল, শরীফ ও মারুফ।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর পর্যন্ত মহাসড়ক চার লেন করার কাজে পাউবো কর্তৃক নতুন ধলেশ্বরী নদী খনন প্রকল্পের উত্তোলিত বালু ব্যবহার করার সিদ্ধান্ত হয়। এরপর এ বিষয়ে ওই সড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত মেসার্স আবদুল মোনেম লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে পাউবোর চুক্তি হয়।

টাঙ্গাইল পাউবো ও মেসার্স আবদুল মোনেম লিমিটেডের প্রতিনিধিরা উত্তোলিত বালু পরিমাপ করতে সোমবার দুপুরে উপজেলার কুর্শাবেনু এলাকায় যান। এ সময় স্থানীয় বালু ব্যবসায়ীরা পাউবোর কয়েকজন কর্মচারী ও মেসার্স আবদুল মোনেম লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোস্তাফিজুর রহমানকে পরিমাপ কাজে বাধা দেন। এটা নিয়ে স্থানীয় বালু ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নদী থেকে উত্তোলিত বালু পাউবো নিয়ে যাচ্ছে বলে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেন বালু ব্যবসায়ীরা।

খবর পেয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান পুলিশের একটি দল সঙ্গে নিয়ে কুর্শাবেনু এলাকায় যান। একপর্যায়ে বালু ব্যবসায়ীদের সমর্থকেরা একত্র হয়ে মেসার্স আবদুল মোনেম লিমিটেডের ডিজিএম মোস্তাফিজুর রহমানের গাড়ি ভাঙচুর করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশের গাড়ির ওপরও হামলা চালানো হয়। পরে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে পুলিশ।

মামলার প্রস্তুতি চলছে জানিয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। এ সময় তাঁর গাড়িতেও হামলার ঘটনা ঘটে। মেসার্স আবদুল মোনেম লিমিটেডের ডিজিএম মোস্তাফিজুর রহমানের গাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।