
কুড়িগ্রামে পৌর শহরের আলিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদে আসরের নামাজ পড়তে যান ব্যাটারিচালিত অটোরিকশাচালক আল আমিন (২৪)। নামাজ পড়ে এসে দেখেন, অটোরিকশাটি চুরি হয়ে গেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
অটোরিকশাটি একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের টাকায় কেনা জানিয়ে এ সময় হাউমাউ করে কান্না করতে থাকেন আল আমিন।
তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামের গহুর উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আল আমিন প্রতিদিন কুড়িগ্রাম জেলা শহরে এসে অটোরিকশা চালান। আজ বিকেলে পৌর শহরের আলিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদে আসরের নামাজ পড়ে এসে দেখেন, তাঁর অটোরিকশাটি চুরি হয়ে গেছে। পরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে পুলিশি সহযোগিতার জন্য তাঁকে থানায় নিয়ে যান তাঁরা।
এ সময় আল আমিন কাঁদতে কাঁদতে বলেন, ‘ভাই, দয়া করে আমার অটোরিকশাটা আনি দেন। আমার মতো অসহায় এই দুনিয়ায় আর কেউ নাই। আমি গরিব মানুষ। দয়া করেন। এনজিও থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনছি। প্রতি সপ্তাহে ১ হাজার ৮০০ টাকা কিস্তি দিতে হয়। আমার পরিবারে সাত সদস্য। আমি এ অটোরিকশা চালিয়ে সংসার চালাই।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় কয়েক ব্যক্তি অটোরিকশাচালক আল আমিনকে থানায় নিয়ে আসেন। তাঁর মুখে ঘটনাটি শুনেছি। আমাদের এক কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।’