
নেত্রকোনায় বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের গোহালাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন পূর্বধলার ইসবপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাকিব মিয়া (২৫) ও শাহবাজপুর গ্রামের মৃত অবনীকান্ত দেবনাথের ছেলে নিরঞ্জন দেবনাথ (৩৬)। আহত ব্যক্তিরা হলেন বুগী গ্রামের আবদুর গফুরের ছেলে অটোরিকশাচালক আমান উল্লাহ (২৪), আলীপুর গ্রামের আবদুর হেকিমের ছেলে আকসামুল মিয়া (২৮), বরুনা গ্রামের ফারুক আহমেদ (৩২) ও নওপাই গ্রামের আকিব মিয়া (৩৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে শ্যামগঞ্জ বাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে রওনা হয়। নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের গোহালাকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে শাকিব ও নিরঞ্জনের মৃত্যু হয়। চালকসহ আহত হন আরও চারজন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বাসটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মামলা হয়নি।