নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার দাবিতে বিক্ষোভ, রেললাইন অবরোধ, স্টেশন ভাঙচুর ও রেলকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলাবাসীর ব্যানারে শতাধিক মানুষ রোববার সকাল আটটা থেকে আজিমনগর রেলস্টেশনে জড়ো হন। তাঁরা আজিমনগরে ঢাকা-চিলাহাটি যাতায়াতকারী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দাবি করে স্লোগান দেন এবং বিক্ষোভ করেন। এ সময় তাঁদের ট্রেনটির যাত্রাবিরতির দাবিসংবলিত প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করতে দেখা যায়।
সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ লোকজন রেললাইনের ওপর শুয়ে পড়ে এবং লাল পতাকা ঝুলিয়ে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেন। ১০ মিনিট পর ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। এর পরপরই তাঁরা খুলনা-চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটিকেও থামিয়ে দেন। এ ট্রেনও ১০ মিনিট বিরতির পর গন্তব্যে ছেড়ে যায়।
একইভাবে তাঁরা দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন থামানোর জন্য রেললাইনের ওপর অবস্থান নেন। কিন্তু ট্রেনটি না থামিয়ে দ্রুত স্টেশন ত্যাগ করে। এ সময় কয়েক বিক্ষোভকারী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এ ঘটনায় লোকজন আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা রেলওয়ে পুলিশের বাধা উপেক্ষা করে স্টেশনের জানালা-দরজায় কিছু ভাঙচুর করেন এবং দুজন স্টেশন সহকারীকে চড়থাপ্পড় মারেন।
এ সময় রেল পুলিশ চার বিক্ষোভকারীকে আটক করে লালপুর থানায় নিয়ে যায়।
বিক্ষোভ কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টির সাবেক জেলা সভাপতি ইব্রাহিম খলিল, নর্থবেঙ্গল সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক ও গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তারসহ শতাধিক স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।
বিক্ষোভের সময় ইব্রাহিম খলিল বলেন, আজিমনগর স্টেশনটি লালপুর উপজেলা সদর গোপালপুরে অবস্থিত। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এ স্টেশনে ঢাকাগামী ট্রেনের তেমন একটা যাত্রাবিরতি নেই। ফলে শত শত যাত্রীকে ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে যাতায়াত করতে হয়, যা অনেক কষ্টসাধ্য। তাই তাঁরা আজিমনগরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চান।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিহির রঞ্জন প্রথম আলোকে জানান, আন্দোলনকারীরা সকাল থেকে রেলপথ অবরোধ করে দুটি আন্তনগর ট্রেন থামিয়ে রাখেন। তাঁরা অপর একটি ট্রেন থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে রেলের সম্পদ বিনষ্ট করেন এবং দুই স্টেশন সহকারীকে মারধর করেন। হামলাকারীদের মধ্যে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে লালপুর থানায় রাখা হয়। রেল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।