সিত্রাংয়ের কবলে টেকনাফে দুজনের মৃত্যু, আশ্রয়কেন্দ্র ছাড়ছেন দ্বীপের বাসিন্দারা

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ঘূর্ণিঝড়ের কবলে জাহাজ থেকে পড়ে মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম শৌমিং (৭১)। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে চাল, আদা, আচার, শুঁটকিসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে এসেছিল যাবুয়াং নামের জাহাজটি। ওই জাহাজে ১৬ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। শৌমিং ওই জাহাজের বাবুর্চি ছিলেন।

স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ডপোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক (হিসাব) মো. জসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

ঘূর্ণিঝড়ের সময় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার একটি পুকুরে পড়ে সোহেনা (৯) নামের এক শিশু মারা গেছে। সে ওই এলাকার বাসিন্দা জাফর আলমের মেয়ে। গতকাল বিকেল চারটার দিকে পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সোহেনা পুকুরে পড়ে নিখোঁজ ছিল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

আশ্রয়কেন্দ্র ছাড়ছেন সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপের বাসিন্দারা

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে স্থানীয় বাসিন্দারা বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেন্ট মার্টিন দ্বীপ ও শাহপরীর দ্বীপের লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছিল। বাধ্য হয়ে লোকজন আশ্রয়কেন্দ্রে যান। আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে লোকজন আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেন।

সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের বরাত দিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে ঘূর্ণিঝড় আঘাত হানার সঙ্গে সঙ্গে স্বাভাবিকের চেয়ে জোয়ারে পানি বৃদ্ধি পেতে থাকে। এ সময় সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব ও পশ্চিমপাড়া এলাকা দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করে। একই সময় টেকনাফের শাহপরীর দ্বীপ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন বেড়িবাঁধের ওপর দিয়ে ঢেউ ঢুকে পড়ে। পশ্চিমপাড়া ও দক্ষিণপাড়া এলাকার লোকালয়ে পানি প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য দক্ষিণপাড়া সাইক্লোন সেন্টারে আশ্রয় নেন। আশ্রয়কেন্দ্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়।

ইউএনও বলেন, ঘূর্ণিঝড়ে টেকনাফে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে হোয়াইক্যংয়ে একটি নির্মাণাধীন ভবনের দেয়ালের অংশবিশেষ ধসে পড়ে একই পরিবারের চারজন আহত হয়েছেন। তাঁরা কক্সবাজার শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে মেরিন ড্রাইভ সড়কের সাবরাং বাহারছড়ার শ্মশান পয়েন্টের কয়েকটি স্থানে জোয়ারের আঘাতে সড়কটির অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো উপজেলায় কয়েক শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে। আবার কিছু কিছু এলাকায় ধানখেত নষ্ট হয়েছে।

ইউএনও আরও বলেন, পুরো উপজেলায় ১৫ হাজারের মতো মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। জোয়ারের পানি নেমে যাওয়ার পর তাঁরা আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরছেন। ক্ষয়ক্ষতির তালিকা পাওয়া গেলে সহায়তার কাজ শুরু হবে।