খানাখন্দে ভরা জলাবদ্ধ সড়ক দিয়ে মালামাল নিতে আসা ট্রাক ও কাভার্ড ভ্যানের চালকেরা ভোগান্তিতে পড়েন। গর্তে পড়ে সড়কে যানবাহন আটকে যায়।
কুমিল্লা বিসিক শিল্পনগরীর অভ্যন্তরের অধিকাংশ সড়ক ভাঙাচোরা। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কের পাশের নালায় ময়লা-আবর্জনা জমে আছে। একটু বৃষ্টি হলে পানি উপচে সড়কে চলে আসে। এতে পণ্যবাহী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অতিরিক্ত খরচ করে মালামাল ওঠানামা করাতে হচ্ছে।
শিল্পনগরীর বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে মুষলধারে বৃষ্টি হয়। এই বৃষ্টির পানি নালা উপচে সড়কে জমে যায়। খানাখন্দে ভরা জলাবদ্ধ সড়ক দিয়ে মালামাল নিতে আসা ট্রাক ও কাভার্ড ভ্যানের চালকেরা ভোগান্তিতে পড়েন। গর্তে পড়ে সড়কের মধ্যে যানবাহন আটকে যায়।
গত বৃহস্পতিবার বিকেলে নগরের রামমালা সড়ক পেরিয়ে ঠাকুরপাড়া শ্মশান দিয়ে বিসিক নগরীতে প্রবেশ করতেই চোখে পড়ল সড়কে কাদায় ভরে আছে। ফরিদ গ্রুপের উত্তর পাশের সড়ক ও পশ্চিম পাশের সড়কে পানি থই থই করছে। এখানকার সড়কে পিচঢালাই নেই। দেখলে মনে হয় এটা কাঁচা রাস্তা। মিনার অ্যালুমিনিয়ামের উত্তর পাশের সড়কে কাদা ও একাংশে পানি জমে আছে। বিসমিল্লাহ মুড়ির কারখানার সামনেও জলাবদ্ধতা। কুমিল্লা ফ্লাওয়ার মিলের সামনেও পানি কালো হয়ে আছে। বিসিকের পশ্চিম দিকের অশোকতলা এলাকার সড়কেও পানি জমে আছে। সেখানকার নালা উপচে পানি সড়কে চলে এসেছে।
জাল ও সুতা তৈরির কারখানা ফরিদ গ্রুপের পরিচালক (বিপণন) মো. জহিরুল হক বলেন, দ্রুত বিসিকের নালা ও সড়ক সংস্কার করে জলাবদ্ধতা নিরসন করতে হবে। একটু বৃষ্টি হলেই বিসিকে জলাবদ্ধতা দেখা দেয়। এই পানি ১৫ দিনেও নামে না।
বিসিক শিল্পনগরী সূত্রে জানা গেছে, কুমিল্লা অঞ্চলের শিল্পের প্রসার ও কর্মসংস্থানের জন্য ১৯৬০-৬১ সালে কুমিল্লা নগরের অশোকতলা এলাকার ৫৪ দশমিক ৩৫ একর জায়গা নিয়ে কুমিল্লা বিসিক শিল্পনগরী গড়ে ওঠে। এখানে ১৪২টি শিল্প প্লটের মধ্যে ১৩১টি কারখানা চালু আছে। এখানে প্রায় সাত হাজার শ্রমিক কাজ করছেন। বছরে ৩৫০ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়। সরকারের রাজস্ব আসে ১৮ কোটি টাকা। এখানে মুড়ি, ময়দা, আটা, চাল, জাল, সুতা, বিস্কুট, চানাচুর, ওষুধ, আটা, অ্যালুমিনিয়ামের পাতিল তৈরির কারখানা আছে। প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান বিসিকের বিভিন্ন কারখানা থেকে এসব মাল নিয়ে যায়।
মেসার্স কুমিল্লা ফ্লাওয়ার মিলসের সহকারী পরিচালক সৈয়দ গোলাম কাদের বলেন, একটু বৃষ্টি হলে বিসিকের সড়কে পানি জমে যায়। চারপাশে স্থাপনা হওয়ার কারণে পানি নামার সব পথ বন্ধ হয়ে গেছে। এতে করে পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পাবন গ্রুপের চেয়ারম্যান সাফায়েত আলম খান বলেন, বিসিক নগরের নালাগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না। এ কারণে নালা উপচে পানি সড়কে চলে আসে। এরপর সড়কে গর্ত হয়। জলাবদ্ধতা থাকে।
বিসিক কুমিল্লা শিল্পনগরীর ব্যবস্থাপক ও শিল্পনগরী কর্মকর্তা বদিউল আলম বলেন, নগরীতে ১০ হাজার ৭৫০ ফুট সড়ক আছে; এর মধ্যে ৫ হাজার ফুট সড়ক ভাঙাচোরা। ২১ হাজার ৫০০ ফুট নালা আছে; এর মধ্যে ১০ হাজার ফুট নালা খারাপ। সরকার সারা দেশের আটটি বিসিক শিল্পনগরীর মেরামত ও পুনর্নির্মাণ প্রকল্প নিয়েছে। এর মধ্যে কুমিল্লাও রয়েছে। কুমিল্লার বিসিকের পুরোনো ভবন ভাঙা, সড়ক মেরামত ও নালা নির্মাণ এই প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হয়েছে। এ জন্য প্রায় সাত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে নালার কাজ প্রায় শেষ পর্যায়ে।
বিসিক কুমিল্লার উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুন বলেন, নালার কাজ মোটামুটি শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বিল পুরোপুরি পায়নি। পরে সড়কের কাজ হবে। নগরের বিভিন্ন এলাকার পানি বিসিক নগরে ঢোকে। কারণ, বিসিকের অঞ্চলটি নিচু এলাকা। এতে ভোগান্তি হচ্ছে। তবে তাঁরা ভোগান্তি লাঘব করতে কাজ করে যাচ্ছেন।