
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রিন সিটির আবাসিক ভবনের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার হয়।
ওই ব্যক্তির নাম কুন আলেকজান্ডার (৩১)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ‘টেস্ট রোসেম লিমিটেড’ নামের একটি রুশ প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে কাজ শেষ করে আলেকজান্ডার তাঁর নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাতে তিনি আর ঘর থেকে বের হননি। আজ সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। তবে কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। কক্ষটি তখন ভেতর থেকে বন্ধ ছিল। পরে থানায় খবর দেওয়া হলে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।