
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাহেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার আসামি ইসমাঈলকে (৩০) আবার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার উচিতপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ইসমাঈল উপজেলার চরকমলাপুর এলাকার বাসিন্দা। তিনি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। এর আগে গত সোমবার তাঁকে গ্রেপ্তার করা হলেও থানাহেফাজত থেকে কৌশলে পালিয়ে যান। গতকাল বিষয়টি প্রকাশ্যে এলে বিভিন্ন গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশিত হয় এবং পুলিশ প্রশাসনের মধ্যে আলোচনা শুরু হয়।
পরে ইসমাঈলকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারিসহ একাধিক দল মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাতে উচিতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি–সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ ও ২৪ মার্চ খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকায় ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হন। বিল্লাল হোসেন বাদী হয়ে সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আড়াইহাজার থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, থানায় আসার পর নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি জানতে পেরে ইসমাঈল কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে তাঁকে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়। তাঁকে আজ বুধবার আদালতে পাঠানো হবে।