
সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি পুকুর থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। স্বজনদের অভিযোগ, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল মহিষাহাটা এলাকার একটি পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ওই শিশুকে গ্রামের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে গ্রামের একটি পুকুরের হাঁটুপানিতে স্বজনেরা তার লাশ দেখতে পেয়ে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে।
ওই শিশুর মামা ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, শিশুটির দুই হাত ভেঙে ফেলা হয়েছে। তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। কেউ তাকে ধর্ষণের পর হত্যা করে এভাবে পানিতে ফেলে গেছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে জানতে পারেন, নিহত শিশুর লাশ হাসপাতালে এনেছেন স্বজনেরা। পরে হাসপাতালে গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করেন। লাশটি পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালের মর্গে রেখেছেন। আগামীকাল শনিবার সকালে লাশটির ময়নাতদন্ত করা হবে।
সাজ্জাদ হোসেন আরও বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। তবে নাক ও চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।