
বরিশাল নগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার পর কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলামের একটি হাস্যোজ্জ্বল সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই এসআইকে প্রত্যাহার করা হয়েছে।
রইস ও তাঁর কয়েকজন সহযোগীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর তিন কর্মীর ওপর হামলার অভিযোগে রোববার মধ্যরাতে গ্রেপ্তার করে রাখা হয়েছিল নগরের কাউনিয়া থানাহাজতে। হাজতে শুয়ে-বসে থাকা এই আসামিদের আরও একটি ছবি সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। থানাহাজতের ছবি কীভাবে বাইরে গেল, সেই ঘটনাও তদন্ত শুরু করেছে পুলিশ।
থানার হাজতখানার ওই ছবিতে দেখা যায়, হাজতের ভেতর শুয়ে-বসে আছেন আসন্ন সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগে গ্রেপ্তার রইস আহমেদ ও তাঁর সহযোগীরা। সেখানে আনার আগে তাঁদের গ্রেপ্তার করেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল হক।
কাউনিয়া থানাহাজতের ছবিটি মূলত সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এই ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে প্রকাশ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সেটি খোঁজার জন্য তদন্ত করা হচ্ছে। বিষয়টি নিয়ে তৎপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান।
ওসি আবদুর রহমান প্রথম আলোকে বলেন, আসামির সঙ্গে তোলা সেলফি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে এসআই সাইদুলকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া সিসি ক্যামেরার ছবির বিষয়টি তদন্ত করে দেখছেন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
থানা থেকে সিসিটিভির ফুটেজের ছবি তুলে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে জানতেন কি না, এমন প্রশ্নের উত্তরে ওসি আবদুর রহমান বলেন, ‘রাতে কাজের চাপে ছিলাম আমি। বলা যাচ্ছে না। এখন যেহেতু খতিয়ে দেখা হচ্ছে, তাই কারও দুর্বলতা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গতকাল সন্ধ্যায় নগরের কাউনিয়া বাঁশের হাট এলাকায় আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর তিন সমর্থককে পথরোধ করে মারধর করা হয়। আহত ব্যক্তিদের অভিযোগ রইস আহম্মেদের নেতৃত্বে তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে এই হামলা চালান। হামলায় আহত ব্যক্তিরা হলেন নৌকা প্রতীকের কর্মী আবদুল হালিম, মনা আহমেদ ও জাহিদুল ইসলাম। তাঁরা বর্তমানে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আহত মনা আহমেদ রোববার রাতে বাদী হয়ে রইস আহম্মেদসহ ২১ জন নামধারী ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে কাউনিয়া থানায় একটি মামলা করেন। এরপরই এসআই সাইদুল হকের নেতৃত্বে কাউনিয়া থানা–পুলিশ নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রইসসহ ১০ জনকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকালে আরও তিনজনকে আটক করেন র্যাব সদস্যরা। তাঁদের কাউনিয়া থানায় হস্তান্তর করা হলে রইসসহ ১৩ জনকে আদালতে তোলে পুলিশ। পরে বিচারক তাঁদের কারাগারে পাঠান।