
ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে চারটা। লাশবাহী ফ্রিজিং গাড়িতে বাড়িতে আসে বিজিবি সদস্য মাহবুব আলমের (৩১) লাশ। সঙ্গে আরেকটি গাড়িতে বিজিবির আরও কয়েকজন সদস্য। বাড়ির ভেতর-বাইরে শত শত মানুষের ভিড়। ঘরের মধ্যে মাহবুবের আট মাস বয়সী মেয়েকে নিয়ে আহাজারি করছেন স্ত্রী মাজেদা বেগম। উঠানে একটি চেয়ারে ঘিরে রেখেছেন মাহবুবের মা মহসেনা বেগমকে। সন্তানের মৃত্যুর খবর শোনার পর তাঁর আহাজারি থামছেই না।
আহাজারি করতে করতে মহসেনা বেগম বলছিলেন, ‘মোর কলিজার টুকরাডা আর নাই, মোর কলিজাখান ছিঁড়ে যাছে, মোর সব শেষ হয় গেল, ছুটিত আসিলে মোক ছাড়া ভাত খায় না মোর কলিজাডা। আজিকা মোক থুয়ে (রাখে) চলে গেল, মোর বাড়ির বাতিডা নিভে গেল, কষ্ট করে পুষে-পালে মানুষ করে আজি হারায় ফেলানু।’
আজ বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া এলাকার বাসিন্দা বিজিবি সদস্য মাহবুব আলমের লাশ কুড়িগ্রাম থেকে বাড়িতে আনার পর এমন দৃশ্য দেখা গেছে। মাহবুবেব লাশ বাড়িতে আসার খবরে আশপাশের গ্রাম ছাড়াও বিভিন্ন এলাকার মানুষ এসে বাড়িতে ভিড় করেন। সেখানে স্বজনদের আহাজারিতে চোখের পানি আটকাতে পারেননি কেউই। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর খালপাড়া এলাকার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন মাঠে স্বজনদের কাছে মাহবুব আলমের লাশ হস্তান্তর করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ। এ সময় সেখানে মাহবুব আলমকে গার্ড অব অনার দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ী গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে বারোমাসি নদী সাঁতরে চোরাকারবারিকে ধরতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাহবুব মারা যান।
বিজিবি ও পরিবার সূত্রে জানা গেছে, মাহবুব প্রায় ১০ বছর ৬ মাস ধরে বিজিবির সদস্য হিসেবে চাকরি করছিলেন। সর্বশেষ তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া এলাকার কৃষক ও বালুশ্রমিক আবদুল গফুরের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে মাহবুব সবার বড়। ছোট বোনের বিয়ে দিলেও ছোট ভাই এখনো উচ্চমাধ্যমিকে পড়াশোনা করে। এ ছাড়া মাহবুবেব স্ত্রী মাজেদা বেগম পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। তাঁদের আট মাস বয়সী একটি মেয়ে আছে।
মাহবুবের লাশ বাড়িতে আনার পর শোকে কাতর বাবা আবদুল গফুরকে ছেলের লাশ দেখানো হয়। এ সময় তিনি ডুকরে কেঁদে ওঠেন। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। আবদুল গফুর বলেন, ‘মোক থুয়ে (রেখে) তুই কেনে চলে গোলোরে বাবা। তোক ছাড়া মুই দুনিয়াত রোহে (থাকে) কী করিম?’ একপর্যায়ে আবারও কেঁদে ফেলেন তিনি। কিছুক্ষণ পর একটু শক্ত হয়ে তিনি বলেন, ‘ছুয়াডার (ছেলেটার) ২০ তারিখে বাড়ি আসার কথা ছিল। বাড়ি আসে গরুর দুধ খাবে এইতানে (এ জন্য) একটা গাই-বাছুর (বাছুরসহ গাভি) কিনিছু। এলা মোর নাতনিডার কী হবে?’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের নায়েব সুবেদার সফিকুল ইসলাম বলেন, ‘আমরা লালমনিরহাট বিজিবির সদস্যদের সঙ্গে মাহবুবের লাশ বাড়িতে পৌঁছে দিতে এসেছি। লাশ দাফন হওয়ার পর আমরা ফিরে যাব।’