সিলেটে পিকআপ, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত

ত্রিমুখী সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে পুলিশের পিকআপ ভ্যান
ছবি: প্রথম আলো

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পুলিশের পিকআ‌প ভ্যান, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার মিত্রিমহল ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন পুলক রায় (৩০) ও ফয়ছল (৩০)। নিহত পুলক সিলেটের দ‌ক্ষিণ সুরমার শিববা‌ড়ী এলাকার গোপাল রায়ের ছেলে। নিহত ফয়ছল সিলেট নগরের শাহপরাণ এলাকার বাসিন্দা। আহত যুবক হলেন সিলেট নগরের চা‌লিবন্দর এলাকার বিক্রম (৩০)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় প্রথম আলোকে বলেন, পু‌লিশের ১৩ জন সদস্য নিয়ে এক‌টি পিকআপ ভ্যান কোম্পানীগঞ্জ থেকে সিলেটে‌র দিকে যাচ্ছিল। গোয়াইনঘাটের সালু‌টিকর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পেছনে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী অপর এক যুবক ও পুলিশের তিন–চারজন সদস্য। ট্রাকের ধাক্কায় পু‌লিশের পিকআপ‌ ভ্যানটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।