আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে ফেলা এত সহজ নয়: শাজাহান খান

মাদারীপুরে অসহায় ও দুস্থদের মধ্যে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাজাহান খান
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি প্রতি ঈদে বলে, ঈদের পরই শেখ হাসিনা সরকারকে তারা ধাক্কা দিয়ে ফেলে দেবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল হওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এত সহজ নয়। আজ বুধবার বিকেলে মাদারীপুরে নিজ বাসভবনে অসহায় ও দুস্থদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, বাংলাদেশে এই প্রথম একটি সরকার টানা তিনবার ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করছে। এর ফলে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ বড় বড় মেগা প্রকল্প নির্মাণ সম্ভব হয়েছে।

মাদারীপুর-২ আসনের এই সংসদ সদস্য বিএনপির আন্দোলন নিয়ে বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতিবছর ঈদ এলে বিএনপি আন্দোলনের ঘোষণা দেয়। ঈদের পরই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল। এর শিকড় মানুষের হৃদয়ে গাঁথা। এই শিকড় জাতির পিতা বঙ্গবন্ধু স্থাপন করে রেখে গেছেন। সেটা টেনে উপড়ে ফেলা যায় না।

শাজাহান খান বলেন, বিএনপি বারবার শেখ হাসিনা সরকারকে উপড়ে ফেলার চেষ্টা করেছে, ১৫ বছরেও পারেনি, কখনো পারবেও না। শেখ হাসিনার জনপ্রিয়তা থাকায় আবারও জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে। বিএনপি বলছে গণতান্ত্রিক নির্বাচনের কথা। গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়ে থাকে, তেমনি বাংলাদেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শেখ হাসিনা সরকার পরিচালনা করবেন, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি শিবু খান, জেলা ছাত্রলীগের সহসভাপতি আসিবুর রহমান খান প্রমুখ।